Masail
100%

আকীকা ও খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা

Question

আজকাল দেখা যায় আকীকা এবং খতনা উপলক্ষ্যে বিশাল অনুষ্ঠান করা হয়। আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়া হয়, কার্ড ছাপানো হয় আর ধনী লোকেরা তো এ উপলক্ষে লাখ লাখ টাকা ব্যয় করে থাকে। শরী‘আতের নির্দেশনা এ ব্যাপারে কেমন?

Answer

আকীকা ও খতনা উপলক্ষ্যে আমাদের সমাজে যেসব বাহুল্যতার ছড়াছড়ি শুরু হয়েছে এগুলি হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতার কুফল। শরী‘আত যে জিনিষকে সহজ করে দিয়েছে আমরা নিজেরা তা কঠিন করে ফেলেছি। আসল সুন্নতকে বর্জন করে মনগড়া কর্মকান্ড শুরু করেছি। সন্তান জন্মের সপ্তম দিনে আকীকা করা মুস্তাহাব। কিন্তু জমকালো অনুষ্ঠান করার মানসে সপ্তম দিনে অনেকে আকীকা না করে সুবিধামত সময়ে করে থাকে। এতে আকীকার যে মূল উদ্দেশ্য তা ব্যহত হয়। এই জন্য এসব ক্ষেত্রে লৌকিকতার আশ্রয় না নিয়ে মূল সুন্নত বা মুস্তাহাবকে পালন করার চেষ্টা করতে হবে।

খতনার বিষয়টিও ঠিক এ রকম। এটি কোন অনুষ্ঠানের বিষয় নয়। উপযুক্ত সময়ে সন্তানের খতনা করতে হবে। এখানে অনুষ্ঠান করা বা আত্মীয়-স্বজনকে সমবেত করে ভোজের ব্যবস্থা করার কি আছে? এটি একটি অনর্থক কাজ এবং সুন্নত পরিপন্থী। একবার জনৈক সাহাবীকে কেউ এরূপ খতনার অনুষ্ঠানে দাওয়াত দিলে তিনি বললেন, রাসূলুল্লাহ ﷺ এর যুগে এমন কোন অনুষ্ঠানে আমরা যাইনি এবং যাওয়ার প্রচলন ছিল না। তাই এ ধরনের অনুষ্ঠানে আমি যোগ দিতে পারি না। মোট কথা তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানালেন।

এই হাদীস দ্বারা বুঝা গেল যে, যে জিনিস মশহুর করা জরুরী নয়, তার জন্য লোকদেরকে আমন্ত্রণ জানানো, একত্রিত করা সুন্নাতের পরিপন্থী কাজ। আজকাল এতেও অনেক শরী‘আত বিরোধী কর্মকাণ্ড যুক্ত হয়ে গেছে। অনেক জায়গায় এই অনুষ্ঠানের জন্য মুসলমানীতে দেরী করা হয়। ইতিমধ্যে ছেলে এত বড় হয়ে যায় যে, তার গুপ্তাঙ্গ দেখা তখন হারাম হয়ে যায়। তাই এসব অনুষ্ঠান বর্জন করে যথা সময়ে খতনার সুন্নত আদায় করা জরুরী।

মাসআলা: খতনা উপলক্ষ্যে লোকদেরকে দাওয়াত দেয়া বিদ‘আত। হযরত উসমান ইবনুল আস রা. কে জনৈক ব্যক্তি খতনার দাওয়াত দিলে তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, রাসূল্লাহ ﷺ এর যুগে এ ধরনের কোন অনুষ্ঠানের অস্তিত্ব ছিল না। (ইমদাদুল মুফতীন-১২১)

মাসআলা: যে বাড়িতে বিবাহ বা খতনা উপলক্ষে বিদ‘আতী কর্মকাণ্ড অবলম্বন করা হয় সেখানে মোটেও শরীক হওয়া উচিৎ নয়। উক্ত অনুষ্ঠানের খানা যদি কারো বাড়ীতে পাঠানো হয় তাহলে ফেতনার সম্ভাবনা না থাকলে তা গ্রহণ না করাই উত্তম। আর যদি ফেৎনার সম্ভাবনা থাকে তাহলে নিতে পারে। (ফাতওয়া রশীদিয়া ১৬৩)