Masail
100%

মাজারে উরস এবং কাওয়ালীর ব্যবস্থা করা

Question

আমাদের দেশের মাজারগুলি বর্তমানে বিদ‘আতের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে বার্ষিক উরস মাহফিল হয়। কাওয়ালীর নামে গানের আসর জমে। মহিলারা পর্যন্ত বেপর্দাভাবে সেখানে অংশগ্রহণ করে। অনেকে আবার এটাকে সাওয়াবের কাজ বলেও মনে করে। এ ব্যাপারে শরী‘আতের দিক নির্দেশনা কি?

Answer

কবর যিয়ারত নিঃসন্দেহে সুন্নত ও সাওয়াবের কাজ। কবর, মাজার ইত্যাদি থেকে শিক্ষা গ্রহণ করা, নিজের মৃত্যু, আখেরাতের প্রস্তুতির ফিকির পয়দা করা এবং সেখানে দু’আ কালাম পড়ে সাওয়াব বখশে দেয়া অত্যন্ত সাওয়াবের কাজ। কিন্তু প্রথা হিসেবে বছর বছর উরস করা, মৃত্যু বার্ষিকী পালন করা। অনেক লোককে একত্রিত করে অনুষ্ঠান করা নাজায়িয ও বিদ‘আত। রাসূলুল্লাহ ﷺ এবং সাহাবায়ে কেরামের যুগে এর কোন প্রথা ছিলনা। তারা এমন কোন অনুষ্ঠান করেছেন বলে হাদীস ও সীরাতের কিতাবে কোন প্রমাণ পাওয়া যায় না। এটি একটি বিজাতীয় প্রথা। এটি যদি কোন দ্বীনী হুকুম এবং শরী‘আতের অংশ হত তাহলে সাহাবায়ে কেরাম সর্ব প্রথম রাসূলুল্লাহ ﷺ-এর উরস করতেন। খুলাফায়ে রাশেদীনের উরস পালন করা হত। কিন্তু তারা তা করেন নি। কেননা, হাদীসে এসব করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

রাসুলে আকরাম ﷺ ইরশাদ করেছেন,

لا تجعلوا قبري عيدا

তোমরা আমার কবরকে উৎসবের কেন্দ্র বানিওনা। (মিশকাত-৮৬) অর্থাৎ বিভিন্ন উৎসব উপলক্ষে লোকেরা যেমন একই তারিখে সমবেত হয়ে অনুষ্ঠানাদি পালন করে থাকে তোমরা সেভাবে আমার কবরে একত্রিত হয়ো না।

রাসূলুল্লাহ ﷺ তার কবরকে ঈদ বানাতে নিষেধ করেছেন। ঈদ তথা আনন্দ উৎসবে সাধারণত তিনটি জিনিষ হয়ে থাকে, (ক) তারিখ নির্দিষ্ট করা (খ) সমবেত হওয়া (গ) এবং আনন্দ-উৎসব করা। আলোচ্য হাদীসে মাজারে নির্দিষ্ট কোন দিন তারিখে একত্রিত হয়ে আনন্দ-উৎসব করতে নিষেধ করা হয়েছে।

আল্লামা তাহের পাটনী রহ. আলোচ্য হাদীসের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, কবর যিয়ারতের জন্য ঈদের মত একত্রিত না হওয়া চাই। কেননা ঈদের দিন তো খেল-তামাশা আর আনন্দ-ফুর্তি করার দিন। কিন্তু কবর যিয়ারতের শান তো তার থেকে পৃথক। কবর যিয়ারতের মাধ্যমে তো আখেরাতের চিন্তা পয়দা করতে হয়। কবরের অবস্থা নিয়ে ভাবনা সৃষ্টি করতে হয়। কিন্তু উরস মাহফিল দ্বারা তা হাসিল হয় না। কবরকে কেন্দ্র করে উরস পালন করার প্রথা আহলে কিতাবদের নিকট থেকে এসেছে। যার কারণে তাদের অন্তকরণ কঠিন হয়ে গিয়েছিল।

এই কারণেই নবীজী ﷺ-এর কবর যিয়ারতের দিন-তারিখ নির্ধারিত করা হয়নি। সারা বছর ধরে অগণিত ভক্ত আসে আর যিয়ারতের মাধ্যমে ধন্য হয়। তাহলে যখন রাসূলুল্লাহ ﷺ-এর রওজা মুবারকে কোন উরস হয় না, সম্মিলন হয় না তখন বুযুর্গদের মাজারে উরস কিভাবে জায়েয হতে পারে? এসব কারণেই উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম বুযুর্গদের মাজারে এ ধরনের রসমী উরসকে নাজায়িয বলে আখ্যা দিয়েছেন। (ফাতওয়া রহীমিয়া ১০/৪০৯)

কাজী সানাউল্লাহ পানিপথি রহ. স্বীয় কালজয়ী গ্রন্থ তাফসীরে মাজহারীতে উল্লেখ করেছেন অজ্ঞ মুর্খ লোকেরা (অলী) আউলিয়া এবং শহীদানের কবরের সাথে যে আচরণ করে অর্থাৎ কবরকে সিজদা করা, তাওয়াফ করা, বাতি জ্বালানো এবং প্রতি বছর সেখানে অনুষ্ঠান করা ও ঈদের মত আনন্দ উৎসব করা যাকে পরিভাষায় উরস বলা হয়। এসব নাজায়িয ও হারাম। (সূত্রঃ ফাতওয়া রহীমিয়া ২/৩১৯)

মাসআলা: বুযুর্গদের মাজারে উরস করা, চাদর চড়ানো, তাদের নিকট প্রার্থনা করা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। বুযুর্গদের কবরকে কেন্দ্র করে  উরসের যে প্রথা চালু হয়েছে তা সম্ভবত এইভাবে শুরু হয়েছিল যে, কোন বুযুর্গের ইন্তেকাল হয়ে গেলে তার ভক্ত ও মুরীদরা একত্রিত হত তার ওয়াজ নসীহত নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু ধীরে ধীরে আসল এই উদ্দেশ্য তিরোহিত হয়ে অযোগ্য উত্তর সূরীরা সেখানে ব্যবসায়িক স্বার্থ খুজে বের করে এবং শুরু হয় উরস শরীফ নামে ঈমান বিধ্বংসী এই গর্হিত কর্মকাণ্ড। এই ব্যবসায় উদ্বুদ্ধ হয়ে অনেক জায়গায় গড়ে তোলা হয় নকল কবর, বানোয়াট মাজার। যার অধিকাংশই মহাসড়কের পাশে অবস্থিত। উদ্দেশ্য পথচারীদের নজরানা লাভ করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (আপকে মাসাইল ১/৩১৬)

মাসআলা: চল্লিশা, চেহলাম মৃত্যুবার্ষিকী পালন শরী‘আত বিরোধী হওয়ার প্রমাণ হিসেবে এতটুকুই যথেষ্ঠ যে, এটি যদি কোন সাওয়াবের কাজ কিংবা পালনীয় কোন কাজ হত তাহলে রাসূলে আকরাম ﷺ সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনরা কখনই এটাকে পরিত্যাগ করতেন না। কেননা তারা তো সব ধরনের নেক কাজের জন্য লালায়িত ছিলেন। কিন্তু দুর্বল থেকে দুর্বল কোন একটি হাদীস দ্বারাও এই কাজ প্রমাণিত হয় না। তাই উলামায়ে কেরাম সর্বসম্মতভাবে একে বিদ‘আত বলে অভিহিত করেছেন। তবে মৃতের পরিবারের নিকট যেয়ে তাদেরকে সান্তনা দেয়া, কুরআন শরীফ তিলাওয়াত করে কিংবা গরীব মিসকিনকে কিছু খাইয়ে তার সাওয়াব মৃতের নামে বখশে দেয়া সাওয়াবের কাজ। তবে শর্ত হল, এ জন্য কোন দিন তারিখ নির্দিষ্ট করে নেয়া যাবে না এবং লোক দেখানোর জন্য হতে পারবে না। (ইমদাদুল মুফতীন- ১/১১)