Masail
100%

কবরের উপর আযান দেয়া বিদ‘আত

Question

অনেক জায়গায় মায়্যিতকে দাফন করার পরে কবরের উপর আযান দেয়া হয়। তাদের ধারণা হল শয়তান আযান শুনে পালিয়ে যায় আর মুর্দা শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকে। শরী‘আতে এর বিধান কি?

Answer

কবরে আযান দেয়া একটি সুন্নত পরিপন্থী কাজ, এটি একটি মনগড়া বিদ‘আত। কোথাও এর প্রচলন থাকলে তা পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ ﷺ এবং সাহাবায়ে কেরামের যুগে হাজারো মানুষ মারা গেছেন। তাঁরা নিজ হাতে তাদেরকে দাফন করেছেন। কবরের আযাব এবং শয়তানের চক্রান্ত সম্পর্কে তারা খুব ভালভাবে অবগত ছিলেন। কিন্তু তারা কারো কবরে আযান দিয়েছেন এমন কোন কথা কোন হাদীসে পাওয়া যায় না। তারা কি নিজ মৃতদের কল্যাণকামী ছিলেন না? সুতরাং যখন নবী কারীম ﷺ এবং সাহাবায়ে কেরাম কোন মৃত ব্যক্তির কবরে আযান দেননি তখন আমাদের জন্য তা কিভাবে জায়েয হতে পারে?

আল্লামা ইবনে হাজার রহ. বলেন, কবরের উপর আযান দেয়া বিদ‘আত। নবজাতকের কানে আযান দেয়ার উপর কিয়াস করে যারা এটাকে জায়েয বলতে চান তাদের কিয়াস সহীহ না। (ফাতওয়া রাহিমিয়া ২/২০৬)

মাসআলা: দাফন করার পরে একাকী অথবা সম্মিলিতভাবে মায়্যিতের জন্য মাগফিরাতের দু’আ করা এবং কবরে মুনকার-নাকীরের প্রশ্নের সময় মায়িত্যের দৃঢ় থাকার জন্য দু’আ করতে উদ্বুদ্ধ করা হয়েছে হাদীস শরীফে। (আবু দাউদ শরীফ-২/২০৩)