Masail
100%

কবরে সিজদা করা হারাম

Question

আমাদের দেশের অনেক মাজারে দেখা যায়, ভক্তরা সেখানে ভক্তির আতিশয্যে সিজদা করে, মাথা নোয়ায়, চুমু খায়, কবরের মাটি গায়ে-মাথায় ভক্তিভরে লাগায়। শরী‘আতে এর হুকুম কি?

Answer

কবরে যে সিজদা করা হারাম এ সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে। সেসব হাদীসগুলিকে সামনে রাখলে কোন বিবেকবান মানুষ এই গর্হিত কাজ করতে পারে না। তারপরে ও মাজার ব্যবসায়ী ও পেট পুজারীরা আগন্তকদেরকে এই শিরকী কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে না। এটা বড়ই দুঃখজনক ঘটনা।

উম্মুল মুমিনীন হযরত আয়িশা সিদ্দীকা রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ তাঁর জীবনের শেষ দিনগুলিতে ইরশাদ করেছিলেন, আল্লাহ তা‘আলার লানত হোক ইহুদী ও খৃষ্টানদের উপর কেননা তারা স্বীয় নবীদের কবরকে সিজদার স্থল বানিয়ে নিয়েছে। (বুখারী শরীফ ১/১৭৭)

মুসলিম শরীফের একটি হাদীসে হযরত জুনদুব রা. থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, শোন। তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবী ও বুযুর্গদের কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি। (মিশকাত শরীফ-৬৯)

হযরত আতা ইবনে ইয়াসার রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, হে আল্লাহ! আমার কবরকে পুজার স্থান বানিও না। ঐ জাতির উপর আল্লাহর গজব পড়ে যারা নিজেদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়ে নিয়েছে। (মিশকাত শরীফ ৭২)

হযরত কায়েস ইবনে সাআদ রা. বলেন, আমি একবার হীরা নগরীতে গেলাম, সেখানে লোকদেরকে দেখলাম তারা নিজেদের সরদারকে সিজদা করে। আমি মনে মনে ভাবলাম কাউকে সিজদা করতে হলে তো আমাদের নবীজীই এর সবচেয়ে বেশী উপযুক্ত। অতঃপর আমি নবীজীর খেদমতে হাজির হয়ে সেখানে যা দেখেছিলাম তা বর্ণনা করলাম এবং আমার অন্তরে যে খেয়াল উদিত হয়েছিল তাও বললাম। তখন নবী কারীম ﷺ ইরশাদ করলেন, দেখ, তোমরা যদি আমার কবরের পাশ দিয়ে যেতে তাহলে কি তাতে সিজদা করতে? আমি বললাম কক্ষণো নয়। নবীজী বললেন, তাহলে জীবদ্দশায়ও সিজদা কর না। আমি যদি কাউকে হুকুম করতাম যে, সে কোন মানুষকে সিজদা করুক, তাহলে মহিলাদেরকে বলতাম, তারা যেন আপন আপন স্বামীকে সিজদা করে ঐ হকের কারণে যা আল্লাহ তা‘আলা পুরুষদেরকে তাদের উপর দিয়েছেন। (মিশকাত শরীফ ১৮২)

অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে, একবার একটি উট এসে নবীজীকে সিজদা করল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ। অবলা পশু আর বৃক্ষ আপনাকে সিজদা করে তাহলে আমরা তো আপনাকে সিজদা করার বেশী হকদার। জবাবে রাসুলে আকরাম ﷺ ইরশাদ করলেন, তোমরা স্বীয় প্রভুর ইবাদত কর (অর্থাৎ তাকে সিজদা কর, কেননা, সিজদাও একটি ইবাদত) আর আপন ভাইকে সম্মান কর। বিজ্ঞ পাঠক বৃন্দ! আপনারা আলোচ্য হাদীসগুলি সামনে রেখে একটু গভীরভাবে চিন্তা করুন নবী কারীম ﷺ স্বীয় উম্মতের কবর পুজার ব্যাপারে কত বেশী শংকিত ছিলেন এবং কত কঠোরভাবে তাদেরকে নিষেধ করে গেছেন আর কবরকে সিজদা করা হলে তাকে মূর্তি হিসেবে আখ্যায়িত করেছেন এবং সিজদাকারীদের উপর লানত ও অভিশাপ করেছেন।

কাজী সানাউল্লাহ পানিপথী রহ. এ সম্পর্কে বলেন, আম্বিয়া ও আউলিয়াদের কবরে সিজদা করা, তাদের কবর তাওয়াফ করা এবং তাদের নিকট দু’আ করা, তাদের নামে মান্নত মানা সম্পূর্ণ হারাম। বরং এসবের কিছু কিছু জিনিষ তো মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যায়। রাসূলুল্লাহ ﷺ তাদের উপর লানত করেছেন এবং এ থেকে বিরত থাকতে বলেছেন। আর ইরশাদ করেছেন, তোমরা আমার কবরকে মূর্তি বানিয়ে নিও না। অর্থাৎ কাফেররা যেমন মূর্তির সামনে সিজদা করে। মাথা নত করে, তোমরাও আমার কবরের সাথে তেমনটি কর না। (ফাতওয়ায়ে রহীমিয়া ১০/৪১৪)

মাসআলাঃ অনেক জায়গায় দেখা যায় লোকেরা মাজারে হাজির হয়ে কবরের তাওয়াফ করে, সিজদা করে, আস্তানা চুম্বন করে। শরী‘আতের দৃষ্টিতে এসব কাজ হারাম।

মাসআলা: অনেক কবরে চেরাগ, মোমবাতি ইত্যাদি জ্বালানো হয়। রাসূলুল্লাহ ﷺ কবরে চেরাগ জ্বালাতে শুধু নিষেধই করেননি বরং যারা এ রকম করে তাদের উপর অভিসম্পাত বর্ষণ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ লানত করেছেন ঐসব মহিলাদের উপর যারা মাজারে যায় এবং ঐ সব লোকদের উপর যারা কবরকে সিজদার স্থান বানিয়ে নেয় এবং সেখানে চেরাগ জ্বালায়। (মিশকাত শরীফ ১৭)

মোল্লা আলী কারী রহ. এই হাদীসের ব্যাখ্যায় বলেন, চেরাগ জ্বালাতে এই জন্য নিষেধ করা হয়েছে যে, এতে অনর্থক মাল নষ্ট হয়। কেননা এতে কারো কোন ফায়দা হয় না। আর এই জন্যও নিষেধ করেছেন যে, আগুন তো হচ্ছে জাহান্নামের আযাবের মাধ্যম সুতরাং কবর থেকে তা দূরেই রাখা চায়। অথবা এই জন্যও হতে পারে যে, এতে শরী‘আত বিরুদ্ধ পন্থায় কবরের সম্মান করা হয়। (ফাতওয়ায়ে রহীমিয়া ১০/৪১৩)