Masail
100%

মান্নতের জিনিস খাওয়া

Question

আমার বোন মান্নত মেনেছে যে, আমার এই কাজটা হয়ে গেলে আল্লাহর নামে আমি একটি বকরী জবাই করব। এখন সে মান্নত পুরা করতে চায়। তাহলে এই বকরীর গোশত কিভাবে বণ্টন করবে এবং কারা কারা এটা খেতে পারবে?

Answer

মান্নতের জিনিষ শুধুমাত্র গরীব মিসকিনদের হক। আত্মীয় স্বজন এবং স্বচ্ছল লোকদের জন্য এটা থেকে খাওয়া জায়েয নেই। তাহলে মান্নত পুরা হবে না।

মাসআলা: মান্নতকৃত গরু ছাগলের গোশত সম্পূর্ণটাই আল্লাহর ওয়াস্তে বন্টন করে দিতে হবে। নিজেরা খাওয়া বা আত্মীয় স্বজনকে খাওয়ানো জায়েয নেই।

মাসআলা: গরু ছাগল ছাড়া কেউ যদি অন্য কোন জিনিষের মান্নত মানে তাহলেও সেটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় তাকসীম করে দিতে হবে। মোট কথা মান্নতের সকল জিনিষের একই হুকুম। সেটা গরীবের হক। ধনীদের জন্য এবং মান্নতকারীর পরিবার-পরিজনের জন্য তা জায়েয নেই। (আপকে মাসাইল ৩/৪২৬)

মাসআলা: মান্নতের মাল গরীব মিসকিনকে দিয়ে দিতে হবে। বন্ধু বান্ধবদেরকে দিলে তাদের জন্য তা হারাম বলে গণ্য হবে এবং মান্নত কারীর মান্নত পুরা হবে না। (ফাতওয়া রশিদিয়া ৫৪৮)

মাসআলা: মৃত ব্যক্তি জন্য মান্নত মানা হারাম। তা থেকে কারো জন্য ভক্ষণ করা জায়েয নেই। আর যদি আল্লাহর জন্য এবং মৃত ব্যক্তিকে সাওয়াব পৌঁছানোর জন্য মান্নত মানা হয় তাহলে ফকীরদের জন্য তা খাওয়া দুরস্ত হবে। মালদারদের এবং আলেম উলামাদের তা থেকে খাওয়া উচিৎ নয়। (ফাতওয়া মাহমুদিয়া ১/১২৪)

মাসআলা: হিন্দুদের দেব-দেবীর নামে যেসব প্রসাদ দেয়া হয় চাই তা ফল-ফলাদি হোক কিংবা মিষ্টান্ন হোক, মুসলমানদের জন্য তা খাওয়া হারাম। কেননা গায়রুল্লাহর নামে চড়ানোর কারণে তা হারামে পরিণত হয়ে যায়।

মাসআলা: কবরের উপর চাদর চড়ানো এবং তার মান্নত মানা সম্পূর্ণ  হারাম। সুতরাং কেউ এ ধরনের মান্নত মানলে তা পুরা করবে না। কাজ সমাধা হয়ে গেলে ফকীর মিসকিনকে সদকা করে দেবে। (ইমদাদুল মুফতীন ১/১৯)

মাসআলা: কোন কবর বা পীরের নামে যদি কোন পশু জবাই করা হয় তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেও তা হালাল হবে না। সুতরাং এ ধরনের জবাই থেকে বিরত থাকতে হবে। (ফাতওয়া মাহমুদিয়া ১/১৮৮)

মাসআলা: কেউ যদি মান্নত মানে যে, আমার এই কাজটা হয়ে গেলে কিছু মিষ্টি বিতরণ করব, তাহলে কাজ শেষে মিষ্টি বিতরণ করা জরুরী নয় বরং ঐ পরিমাণ টাকা কোন গরীব মিসকিনকে দিয়ে দিলেও তা আদায় হয়ে যাবে। (আপকে মাসাইল ৩/৪২৪)

মাসআলা: কেউ মান্নত মেনেছিল যে, আমার এই কাজটা হয়ে গেলে আমি এত রাকা‘আত নফল নামায পড়ব। এখন কাজ সমাধা হওয়ার পরে তার রাকা‘আতের সংখ্যা মনে নেই যে, কত রাকা‘আত পড়ার মান্নত করেছিল, তাহলে তার জন্য জরুরী হল খুব ভাল করে চিন্তা ফিকির করে প্রবল ধারণা যে কয় রাকা‘আতের ব্যাপারে হয় সেই কয় রাকা‘আত আদায় করবে। নফল না পড়ে তার পরিবর্তে ফিদিয়া দিলে মান্নত পুরা হবে না। (আপকে মাসাইল আওর উনকা হল ৩/৪২৭)