ইদ্দত পালনরত অবস্থায় মহিলার জন্য সফর
Question
স্বামী মারা যাওয়ার পরে মহিলারা যখন ইদ্দত পালন করে তখন তাদের জন্য কোথাও সফর করা জায়েয আছে কি? আজকাল এ ব্যাপারে খুব উদাসীনতা দেখা যাচ্ছে।
Answer
বিধবা মহিলা যে নাকি ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করছে তার জন্য ঐ ঘর থেকেই বের হওয়া জায়েয নেই। আর সফর করা তো অনেক দূরের কথা। আজকাল ধর্মীয় জ্ঞানের অভাবে সামান্য সামান্য অজুহাতে কুরআন পাকের এই নির্দেশ লংঘন করে মহিলারা আল্লাহর গজব ডেকে আনছে।
তবে হ্যাঁ যদি এমন কোন ভীষণ প্রয়োজন দেখা দেয় যে, না বের হলে কোন উপায় নেই, যেমন ঐ এলাকায় মহিলার জানের নিরাপত্তা নেই। তার ইজ্জত আব্রু হুমকির সম্মুখিন, অথবা ঐ বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা ভাড়া আদায় করতে সে অক্ষম, অথবা আয় রোজগার করার মত কেউ নেই, তাহলে এসব ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বের হতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইদ্দত পালন করা অবস্থায় মহিলারা হজে যেতে পারবে না, তাহলে সামান্য সামান্য অজুহাতে তাদের বের হওয়া কি ভাবে জায়েয হতে পারে? আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক লোক এটাকে ধর্মান্ধতা এবং গোড়ামী বলে অভিহিত করে থাকে। বস্তুত, এসব তার অজ্ঞতার ফল। কুরআন-হাদীস সম্মন্ধে তাদের যথাযথ জ্ঞান নেই বলেই তারা এ ধরনের মনগড়া মন্তব্য করে থাকে। এদের থেকে সাবধান থাকা উচিৎ। (বাদায়িউস সানায়ি-২/২০৬)