মসজিদে বিতরণকৃত মিষ্টি ইত্যাদির হুকুম
প্রশ্ন
অনেক মসজিদে নামাযের পরে দু‘আ হয় এর পরে জিলাপী, মিষ্টি ইত্যাদি বিলি করা হয়। বিভিন্ন মাকসুদ হাসিলের জন্য সাধারণত এসব মিষ্টি বিতরণ হয়ে থাকে। এখন প্রশ্ন হল, এটাকে কি মান্নতের মিষ্টি ধরা হবে এবং সকলে কি এগুলি খেতে পারবে? তাছাড়া এভাবে মসজিদে মিষ্টি বিতরণ করাই বা কেমন?
উত্তর
মসজিদে বিতরণকৃত এসব মিষ্টি মান্নতের কিনা তা দাতার নিয়তের উপর নির্ভর করে। দাতা যদি ঐ মসজিদের সকল মুসল্লীদের জন্য মান্নত করে থাকে তখন শুধু গরীবদের অংশ মান্নত হিসাবে আদায় হবে। আর ধনীদের অংশ মান্নত হবে না বরং হাদিয়া হবে। আর যদি জানা যায় যে, এগুলি সবই মান্নতের মিষ্টি তাহলে তা ধনীদের জন্য খাওয়া হারাম হবে। মসজিদে জুমু‘আর সময় বা অন্যান্য নামাযের সময় যে মিষ্টি বিতরণ করা হয় তার মধ্যে অনেক রকমের খারাবী আছে। মসজিদে হৈ হুল্লোড় হয়। ধাক্কাধাক্কী হয়, অথচ মসজিদে হট্টগোল করা সম্পূর্ণ নিষেধ। তাই এধরনের অনুষ্ঠান নিজেদের বাড়ীতে করা উচিৎ। (শামী-৩-৭৩৫)