ফজরের জামা‘আত শুরু হওয়ার পর সুন্নাত আদায় করা
প্রশ্ন
কেউ যদি মসজিদে এসে দেখে ফজরের জামা‘আত শুরু হয়ে গেছে তাহলে সে ব্যক্তি সুন্নত কিভাবে কখন অদায় করবে?
উত্তর
হানাফী মাযহাব মতে জামা‘আত শুরু হওয়ার পর কেউ মসজিদে প্রবেশ করলে, তাকে সুন্নাত পড়া ব্যতিরেকে জামা‘আতে শরীক হতে হবে। তবে ফজরের সুন্নাত এর থেকে কিছুটা ব্যতিক্রমধর্মী। অর্থাৎ ফজরের জামা‘আত শুরু হয়ে গেলেও তার যদি ইয়াকীন হয় যে, সে সুন্নাত পড়ে জামা‘আতে শরীক হতে পারবে, তাহলে তার জন্য মসজিদের বারান্দায় বা জামা‘আতের কাতার থেকে দূরে অন্য কোন স্থানে দু’রাক‘আত সুন্নাত পড়ার নির্দেশ রয়েছে। তার কারণ হলো, অন্যান্য সুন্নাতের চেয়ে ফজরের সুন্নাতের গুরুত্ব বহুগুণে বেশী। বরং এ দু’রাক‘আত এমন সুন্নাত-যা ওয়াজিবের নিকটবর্তী। হাদীসে এ দু’রাক‘আতের ব্যাপারে কঠোর নির্দেশ এসেছে। হাদীস হল, হযরত আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “দুশমনের ঘোড়া যদি তোমাদেরকে ধাওয়া করে, তথাপিও ফজরের দু’রাক‘আত সুন্নাত তোমরা ছেড়ে দিও না।” (আবূ দাউদ শরীফ ১:৪৮৭; নাইলুল আউতার, ২৪ ২৬৪/ ইলাউস সুনান, ৭:৪৮৭)
সুতরাং, এ দু’রাক‘আতও পড়তে হবে এবং জামা‘আতেও শামিল হতে হবে। এর পদ্ধতি হলো যে, দ্বিতীয় রাক‘আত পাওয়ার সম্ভাবনা থাকলে, প্রথমে সুন্নত পড়ে তারপরে জামা‘আতে শামিল হবে। আর দ্বিতীয় রাক‘আত পাওয়ার সম্ভাবনা না থাকলে, তখন অগত্যা এ দুরাক‘আত না পড়েই জামা‘আতে শামিল হবে। এ নিয়ম হাদীস শরীফ দ্বারা সুপ্রমাণিত।
(১) হযরত আব্দুল্লাহ ইবনে আবু মুসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম সাহেব যখন ফজরের নামায পড়াচ্ছিলেন, এ সময় হযরত ইবনে মাসউদ রা. মসজিদে প্রবেশ করলেন এবং একটি খুঁটির পিছনে এসে দু’রাক‘আত সুন্নাত পড়লেন। (এরপর জামা‘আতে শরীক হলেন) [প্রমাণ: মাজমাউয যাওয়ায়িদ ১৪ ১৭২; ইলাউস সুনান, ৭:৮৫)
(২) হযরত নাফে রহ. বলেন, একদা আমি হযরত ইবনে উমর রা.-কে ফজরের নামাযের জন্য জাগ্রত করালাম। এ সময় ফজরের জামা‘আত শুরু হয়ে গিয়েছিল। তিনি প্রথমে দু’রাক‘আত সুন্নাত পড়লেন, এরপর জামা‘আতে শরীক হলেন। [দেখুন: তাহাবী শরীফ: ১ ২২০]
(৩) হযরত আবু উসমান আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম যখন ফজর নামায পড়াচ্ছিলেন, তখন হযরত ইবনে আব্বাস রা. মসজিদে প্রবেশ করলেন এবং ইমামের পিছনে (কাতার থেকে পৃথক হয়ে দূরে) দু’রাক‘আত সুন্নাত পড়লেন। [প্রমাণ: তাহাবী শরীফ, ১:২১৯; ইলাউস সুনান, ৭:৮৫]
(৪) হযরত যাইদ ইবনে আল্লাম রা. থেকে বর্ণিত, ইমাম যখন ফজর নামায পড়াচ্ছিলেন, তখন হযরত ইবনে আব্বাস রা. মসজিদে প্রবেশ করলেন। তিনি তখন ফজরের সুন্নাত আদায় করেননি বিধায় হযরত হাফসা রা.-এর ঘরে দু’রাক‘আত সুন্নাত আদায় করার পর জামা‘আতে শরীক হলেন। (তাহাবী শরীফ ১:২২০; আসারুস সুনান, ২:৩২; ইলাউস সুনান ৭১৮৮)
উল্লেখ্য যে, হযরত হাফসার ঘর মসজিদের সাথেই ছিল। (তাহাবী শরীফ ১:২২০)
(৫) হযরত আবু দারদা রা. কখনও যদি ফজরের জামা‘আত দাঁড়িয়ে যাওয়ার পর মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি মসজিদের এক কোণায় প্রথমে দু’রাক‘আত সুন্নাত পড়তেন। অতঃপর জামা‘আতে শরীক হতেন। (তাহাবী শরীফ ১: ২২০; আসারুস সুনান ২:৩২)
(৬) হযরত আবু উসমান নাহদী রা. বলেন, আমরা মসজিদে এমনও সময় আসতাম, যখন হযরত উমর রা. নামায শুরু করে দিতেন। তখন আমরা প্রথমে মসজিদের এক প্রান্তে সুন্নাত পড়ে নিতাম। অতঃপর জামা‘আতে শরীক হতাম। (তাহাবী শরীফ ১:২২০; আসারুস সুনান ২:৩৪; ইলাউস সুনান ৭:৯০)
(৭) হযরত হারিছ ইবনে মুজাররব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ইবনে মাসউদ রা. ও হযরত আবু মুসা রা., সাঈদ রা.-এর ঘর থেকে বের হয়ে দেখেন যে, জামা‘আত দাঁড়িয়ে গিয়েছে হযরত ইবনে মাসউদ রা. প্রথমে দু’রাক‘আত সুন্নাত পড়ে জামা‘আতে শরীক হলেন এবং হযরত আবু মুসা রা. যেহেতু পূর্বে সুন্নাত পড়েছেন, তাই সরাসরি জামা‘আতে শরীক হলেন। (আসারুস সুনান ২:৩২; ইলাউস সুনান ৭:৯০)
উপরোক্ত হাদীস সমূহ থেকে দিবালোকের মত স্পষ্ট হয়ে গেল যে, সাহাবায়ে কিরামগণ ফজরের ইকামতের পরে কাতার থেকে দূরে প্রথমে সুন্নাত আদায় করতেন, এর পর জামা‘আতে শরীক হতেন। তদুপরী স্বয়ং রাসূলুল্লাহ ﷺ ইকামতের সময় যে সুন্নাত পড়েছেন, তার প্রমাণ হাদীসের কিতাবে বিদ্যমান আছে। সে সম্পর্কে নিম্নের হাদীসটির প্রতি লক্ষ্য করুন-
(৮) হযরত আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইকামাত দেয়ার সময়ে সুন্নাত আদায় করেছেন। (ইলাউস সুনান৭:৯১)