মুবারক রাতগুলিতে মসজিদে সমবেত হওয়া
প্রশ্ন
শবে বারা‘আত, শবে কদর ইত্যাদি রাতগুলিতে মসজিদে খুব ভীড় পরিলক্ষিত হয়। লোকজন সারারাত মসজিদে কাটায়, নামায-কালামে লিপ্ত থাকে। এই যে বিশেষ রাতগুলিতে মসজিদে একত্রিত হওয়া, শরী‘আতে এর বিধান কি?
উত্তর
এই রাতগুলিতে মসজিদে এসে ইবাদত করার তিনটি পদ্ধতি রয়েছে।
(১) মসজিদে এসে ইবাদত করার পাবন্দি করেনি বরং হঠাৎ কোন কারণে মসজিদে এসেছিল, তার পরে সেখানে যিকির-তিলাওয়াত ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। এটা জায়েয আছে। কিন্তু সে যদি এই আমলগুলি মসজিদে না করে বাড়ীতে করত তাহলে আরো বেশী সাওয়াব পেত। এমনকি মসজিদে হারাম এবং মসজিদে নববীর তুলনায় ঘরে নফল ইবাদত করার সাওয়াব বেশী।
(২) দ্বিতীয় হল ইহতিমামের সাথে মসজিদে এসেছে, আগে থেকে প্রোগ্রাম বানিয়ে মসজিদের জন্য সময় ফারেগ করে সেখানে এসে বিভিন্ন ইবাদতে লিপ্ত হয়েছে, এটা বিদ‘আত। কারণ হচ্ছে, নফলের জন্য মসজিদের ইহতিমাম করার অর্থ হল, সে ব্যক্তি মসজিদে নফল পড়াকে বেশী সাওয়াবের কাজ বলে মনে করে, তো এটা শরী‘আতের উপর একটা জিনিস চাপিয়ে দেয়া হল। শরী‘আত যেটা বলেনি নিজের পক্ষ থেকে সেটা ধার্য্য করে নেয়া হল। এটা আল্লাহ ও তার রাসুলের সাথে টক্কর দেয়ার নামান্তর। কেননা হাদীস শরীফে একথা স্পষ্টভাবে উল্লেখ আছে যে, ঘরে নফল আদায় করার মধ্যে সাওয়াব বেশী।
(৩) তৃতীয় হল, মুবারক রাতগুলিতে মসজিদে সমবেতভাবে কোন ইবাদত করা, যেমন সালাতুত তাসবীহ কিংবা তাহাজ্জুদের জামা‘আত অথবা কোন নফল নামায জামাআতের সাথে আদায় করার ইহিতমাম করা। ওয়াজ বা বয়ানের ইহতিমাম করা, এটাও বিদ‘আত এবং দ্বিতীয় সুরতের তুলনায় আরো বেশী মারাত্মক। এতে একতো ঐ খারাবী রয়েছে যা দ্বিতীয় অবস্থায় উল্লেখ করা হয়েছে। আরো একটা খারাবী হচ্ছে এই যে, নফল ইবাদতের জন্য জামা‘আতের ব্যবস্থা করা হয়েছে যা শরী‘আতে নিষিদ্ধ।
অনেকে বলে থাকেন যে, বাড়ীতে হৈ চৈ হয়, বাচ্চারা খেলাধুলা করতে থাকে যার কারণে একাগ্রতার সাথে কোন ইবাদত করা যায় না। এই জন্য আমরা মসজিদে আসি। মনে রাখবেন এটা শয়তানের ধোকা ছাড়া আর কিছু নয়। কেননা সুন্নতের পরিপন্থী কাজে যদি শত কান্নাকাটিও করা হয় আর লাখ গুণে বেশী খুশু খুজু হাসিল হয় তো সেই খুশু খুজু মোটেও গ্রহণযোগ্য নয়।
এখানে চিন্তা করার বিষয় যে, রাসূলুল্লাহ ﷺ তো শত কষ্ট করেও তাহাজ্জুদ আদায় করেছেন আর আমরা একথা বলছি যে, ঘরে খুশু খুজু হাসিল হয় না। এটা শয়তানের ধোকা ছাড়া আর কি হবে?
হাদীস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ ﷺ রাতের বেলা স্বীয় হুজরায় নফল পড়তেন আর হযরত আয়িশা রা. সামনে পা ছড়িয়ে শুয়ে থাকতেন। যখন নবীজীর ﷺ সিজদা করার সময় হত তখন তার পায়ে স্পর্শ করলে তিনি পা গুটিয়ে নিতেন। অতঃপর নবীজী ﷺ যখন দ্বিতীয় রাকাআতের জন্য দাঁড়াতেন তখন হযরত আয়িশা রা. আবার পা ছড়িয়ে দিতেন। রাত হত অন্ধকারাচ্ছন্ন, ঘরে চেরাগের কোন ব্যবস্থা থাকত না। আবার কামরাও এত প্রশস্ত ছিল না যে, একজন শুয়ে থাকলে অপরজনের জন্য সিজদার জায়গা বাকি থাকে। দরজা থেকে বের হলেই মসজিদে নববী, যার ফজীলত কারো অজানা নেই। এতদসত্ত্বেও উম্মতের জন্য দরদী রাসূলুল্লাহ ﷺ এর আমল এই ছিল যে, তিনি হুজরার মধ্যেই নফল আদায় করতেন, মসজিদে যেতেন না। অনেকে আবার এমন কথাও বলে থাকেন যে, ঘরে একা একা নামায পড়তে থাকলে ঘুম চলে আসে পক্ষান্তরে মসজিদে সকলে মিলে ইবাদাত বন্দেগী করলে কিছু ওয়াজ আর বয়ান শুনলে ঘুম চলে যায়। এতে একটু বেশী ইবাদত করার সুযোগ পাওয়া যায়। ঘরে পড়লে তো এর অর্ধেকও হত না। খুব ভাল করে মনে রাখবেন, শরী‘আতে ইবাদতের আধিক্য কাম্য নয় বরং যতটুকু করা হল তার পরিমাপ কাম্য। সুন্নত তরীকায় সামান্য ইবাদাত সুন্নতের খেলাফ তরীকায় অনেক ইবাদত থেকে লাখো গুণে উত্তম। আর এক্ষেত্রে ইবাদতের সুন্নত তরীকা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মনে ফুর্তি থাকে ইবাদাতে মন বসে ততক্ষণ পর্যন্ত নফল ইত্যাদিতে লিপ্ত থাকবে। অতঃপর যখন অলসতা ভর করবে, ঘুমে চোখ ঢুলুঢুলু হয়ে যাবে তখন আরাম করে নেবে। হাদীস দ্বারাও এটি প্রমাণিত। (আহসানুল ফাতওয়া-১/৩৭৩, আগলাতুল আওয়াম ১১৭)
ফাতওয়ায়ে মাহমুদিয়ায় এ সম্পর্কে বলা হয়েছে, শবে বারা‘আত এবং শবে কদরের তালাশে আর ইবাদতের জন্য মসজিদে সমবেত হওয়া মকরূহ ও বিদ‘আত। যে ব্যক্তি রাতভর নামায পড়ে কিন্তু সাওয়াবের নিয়ত থাকে না অথবা গুনাহ থেকে বিরত থাকে না, সে ব্যক্তি জাগ্রত থাকার কষ্ট ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। সব ইবাদতেরই এই অবস্থা যেটা লোক দেখানোর জন্য হয়। (১/১৭)
মাসআলা: শবে বারাআতে হালুয়া পাকানো, ঘরবাড়ী পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং এই রাতে বাড়ী-ঘরও কবরস্থানে বাতি জ্বালানো, আলোক সজ্জা করা, আগরবাতি জ্বালানো, আতরের খুশবুতে সুগন্ধিযুক্ত করা ইত্যাদি বিষয়গুলিকে সুন্নত বলে আখ্যায়িত করা দলিল বিহীন কথা। এই রাতে বুযুর্গদের রূহ ঘরে আসে এমন ধারণাও ভিত্তিহীন। (ফাতওয়া মাহমুদিয়া ১/১৮৩)
মাসআলাঃ শবে বারাআতে নফল ইবাদত করা, পরের দিন রোযা রাখা আর সুযোগ হলে চুপি চুপি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য মাগফিরাতের দু’আ করা খুব ভাল। কিন্তু এগুলি ছাড়া অন্যান্য কাজ যেমন আতশবাজী করা, পটকা ফুটানো, নফলের জামা‘আত করা, কবরস্থানে একত্রিত হয়ে মসজিদের মত করে ফেলা, হালুয়া বানানোকে জরুরী মনে করাসহ আরো অন্যান্য যে সব প্রচলন রয়েছে সেগুলি সব বর্জনীয়।
মাসআলা: শবে বারাআতে তাহাজ্জুদের নামায ঘোষণা দিয়ে জামাআতের সাথে এই উদ্দেশ্য আদায় করা যে, বেনামাযীরাও কমপক্ষে এতে শরীক হয়ে কিছু সাওয়াব কামাই করে নিক-এটা করা মাকরূহ ও নিষিদ্ধ। বে নামাযীদেরকে তাবলীগ করতে হবে তারা যেন নামাযের পাবন্দী করে। তা না করে ফরজ তরক করাকে তো মেনে নেয়া হচ্ছে আর মাকরূহ কাজে শরীক হওয়ার দাওয়াত দেয়া হচ্ছে। এটা না তো কোন বুদ্ধিমত্তার কথা আর না শরী‘আতের পক্ষ থেকে এর অনুমতি আছে। অনুরূপভাবে এই রাতে ইবাদতের জন্য একত্রিত হওয়া নিষিদ্ধ। (ফাতওয়া মাহমুদিয়া-১৫/৪৩১)
মাসআলাঃ এই রাতে আলোক সজ্জা করার এবং মাটির তাকে চেরাগ ইত্যাদি রাখার যে প্রথা আছে তা সম্পূর্ণ নাজায়িয ও বিদ‘আত। হিন্দুদের দেওয়ালী থেকে এর উদ্ভব হয়েছে। মসজিদের মধ্যেও নামাযীদের প্রয়োজনের তুলনায় বেশী বাতি জ্বালানো অপচয় এবং হারাম। মসজিদ কমিটি যদি মসজিদের মাল থেকে এটা করে তাহলে তাকে নিজের পকেট থেকে এর ক্ষতিপূরণ দিতে হবে। (ফাতওয়া মাহমুদিয়া-২/২৮৮)