মাসাইল
১০০%

ঈসালে সাওয়াবের ভুল পদ্ধতি

প্রশ্ন

ঈসালে সাওয়াবের ভুল পদ্ধতিগুলো কী কী?

উত্তর

মাসআলাঃ ঈসালে সাওয়াব তথা মৃত ব্যক্তির নামে সাওয়াব পৌছানোর তরীকা শরী‘আত অত্যন্ত সহজ করে দিয়েছে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে যে সব তরীকা অবলম্বন করা হচ্ছে তার নির্দেশ না তো কুরআনে আছে, না হাদীসে। সাহাবায়ে কেরাম, আয়িম্মায়ে এজাম কারো আমল দ্বারাই এটা প্রমাণিত নয়। আত্মীয় স্বজন কি বলবে সেই ভয়ে সাধারণতঃ এ ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে। অনেক লোক আবার মৃত্যুর আগে সন্তানদেরকে অসিয়্যত করে যায় যে, আমার চেহলাম বা কুলখানীটা একটু জাকজমকের সাথে কর। মনে রাখতে হবে, এটা শুধু বিদ‘আতই নয় শিরকও বটে। কেননা যারা করছে তারা আল্লাহকে রাজি করার জন্য করছে না বরং সমাজের ভয়ে করছে। সমাজকে তারা খোদা বানিয়ে রেখেছে। এর নাম হচ্ছে শিরক। গায়রুল্লাহকে রাজি করার জন্য যেটা করা হয় সেটাই শিরক।

আজকের বেশরম-বেহায়া মুসলমান আর আত্মীয় স্বজন কারো মৃত্যুতে শকুনের মত চক্কর লাগাতে থাকে যে, এবার একটা খানা-পিনা হবে। অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আখেরাতের ফিকির না থাকে, নিজের হিসাব-কিতাবের চিন্তা না থাকে, ইসলামের মর্যাদা চোখে না ভাসে তো কমপক্ষে এতটুকু লাজ লজ্জা থাকা দরকার যে, যার প্রিয়জন মারা গেল, যে ব্যক্তি শোক সাগরে ভাসছে তার উপর এই বোঝা চাপানো কতটুকু সমীচিন? মৃত ব্যক্তির সাথে বাস্তবিকই যদি আপনার হৃদ্যতা থাকে, আপনি যদি আন্তরিকভাবেই মৃত ব্যক্তির কল্যাণকামী হন তাহলে তার ঈসালে সাওয়াবের জন্য মুহসিনে আযম রাসূলে আকরাম ﷺ এর বাতলানো পদ্ধতি পরিত্যাগ করে মনগড়া পদ্ধতি কেন অবলম্বন করছেন? এটা তো আল্লাহ ও তার রাসুল ﷺ-এর হুকুমের সাথে বিদ্রোহ করা হল। তারা যে পদ্ধতি ঈসালে সাওয়াবের জন্য আমাদেরকে বলে দিয়েছেন আমরা তা এড়িয়ে মনগড়া পদ্ধতি অবলম্বন করেছি।

আল্লাহ তা‘আলা আমাদেরকে পেট নামক জাহান্নাম থেকে হেফাজত করুন। কিছু পেট পুজারী মোল্লা নিজেদের পেট ভরার জন্য জনসাধারণকে বড্ড ধোকার মধ্যে ফেলে রেখেছে। এসবও হচ্ছে সেই পেট পালার এক ধান্দা। বিভিন্ন রকমের মিষ্টি বুলি দিয়ে তাদেরকে বশ করে রেখেছে। অথচ মোল্লার পেট ভরা ছাড়া মুরদারের এতে কোন সাওয়াব হচ্ছে না।

এখানে একটি মাসআলা মনে রাখা দরকার যে, যে পরিবারের মধ্যে ঈসালে সাওয়াবের গলত তরীকা চালু রয়েছে সেখানে এই প্রথা সংশোধন যদি সম্ভব হয় তাহলে মৃত্যুর সময় পরিবারের সব সদস্যকে বলে যাবে যে, আমার মৃত্যুর পরে যেন কোন ধরনের বিদ‘আতী কাজ না করা হয়। সুন্নত তরীকা অনুযায়ী যেন ঈসালে সাওয়াবের কাজ সম্পাদন করা হয়। এই অসিয়্যত করা তার জন্য ফরজ। সে যদি অসিয়্যত না করে আর তার মৃত্যুর পরে এসব বিদ‘আতী কর্মকাণ্ড সংঘটিত হয় তাহলে এর গুনাহ ও আযাব মৃতকেই বরদাশত করতে হবে। আরো মনে রাখা দরকার যে, অন্য যে কোন বড় বড় গুনাহের তুলনায় বিদ‘আতের গুনাহ বেশী মারাত্মক।