মৃত ব্যক্তির বাড়ীতে খানা পাঠানো
প্রশ্ন
কোন বাড়ীতে কেউ মারা গেলে সেখানে ৫/৭ দিন পর্যন্ত অন্যরা খানা ইত্যাদি পাঠিয়ে থাকে, তাদেরকে চুলা জ্বালাতে দেয় না, শরী‘আতে এ সম্পর্কে কি বিধান রয়েছে?
উত্তর
শরী‘আত দ্বারা শুধু এতটুকুই প্রমাণিত আছে যে, কোন বাড়ীতে কেউ মারা গেলে তার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের জন্য উচিৎ হল যতক্ষণ পর্যন্ত তারা শোক সন্তপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য খানাপিনার ব্যবস্থা করা এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করা। নিজেদের বাড়ীতে এনেও খাওয়াতে পারে আবার মৃতের বাড়ীতেও খানা পৌছে দিতে পারে। আরো উত্তম হল তাদের মনোরঞ্জনের জন্য তাদের সাথে নিজেও খানায় শরীক হওয়া। ব্যস শরী‘আতে এতটুকুই প্রমাণিত।
ফাতওয়ায়ে শামীতে উল্লেখ আছে যে, দাফন কাজে শরীক হওয়ার জন্য যারা দূর থেকে আগমন করে তারা যদি ঘটনাক্রমে মৃতের পরিবারের মনোরঞ্জনের জন্য তাদের সাথে খানায় শরীক হয় তাহলে এর অবকাশ আছে। কিন্তু আত্মীয়-স্বজনদের দূর-দুরান্ত থেকে এসে সেখানে অবস্থান করা এবং কয়েকদিন পর্যন্ত থাকা (যা আমাদের সমাজে প্রচলিত আছে) আনন্দ-উৎসবের দাওয়াতের মত তাতে শরীক হওয়া, এসব মকরূহ ও বিদ‘আত। (নিযামুল ফাতওয়া ১/১৪৭)
মাসআলা: মৃতের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের জন্য মৃতের বাড়ীতে এই পরিমাণ খানা পাঠানো যা একদিনের জন্য যথেষ্ট হয়- মুস্তাহাব। একদিনের বেশী খানা পাঠানো মকরূহ। এই প্রথা পালনে এত বেশী বাড়াবাড়ি করা হয় যা শরী‘আতের সীমালংঘনের কারণে বিদ‘আতে পরিণত হয়ে যায়। (আহসানুল ফাতওয়া-১/২০৪)
মাসআলা: মৃতের বাড়ীতে খানা খাওয়া বা খাওয়ানোর যে প্রথা আমাদের সমাজে চালু আছে তা নিঃসন্দেহে নাজায়িয এবং অত্যন্ত নির্লজ্জতার কথা। এই গুনাহের মধ্যে সকলেই সমানভাবে শরীক এমনকি নিকটাত্মীয়রা যদি এটাকে জরুরী মনে করে এবং এতে শরীক না হওয়াকে খারাপ মনে করে তাহলে তারাও এই গুনাহে সমানভাবে শরীক হবে। (আহসানুল ফাতওয়া-১/৩৮১)