শোক সভা পালন করা
প্রশ্ন
নামী দামী কোন ব্যক্তি মারা গেলে তার স্বরণে শোক সভা অনুষ্ঠিত হওয়ার প্রচলন অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এ ধরনের শোক সভার বিষয়টি শরী‘আত সম্মত আছে কি?
উত্তর
কোন মুসলমান মৃত্যুবরণ করলে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তাদেরকে সবরের তারগীব দেয়া সুন্নত। সেখানে স্বশরীরে হাজির হতে না পারলে চিঠির মাধ্যমে সমবেদনা জানানোর নিয়ম সালফে সালেহীন থেকে প্রমাণিত আছে।
যার ইস্তিকালে অনেক লোক শোকাভিভূত হয় অথবা অনেক লোক সমবেদনা জ্ঞাপনের প্রয়োজন মনে করে এবং সকলের সমবেত হওয়া মুশকিল হয় তখন এর জন্য সহজ পদ্ধতি হল একটি সভা করে সেখানে এমনভাবে সমবেদনা জ্ঞাপন করবে যে, মৃতের পরিবার পরিজনের উপর কোন চাপ না পড়ে এবং তাদেরকে মেহমানদারী করতে গিয়ে হিমশিম না খেতে হয়। তাছাড়া অনেক লোকের সম্মিলিত দু’আ কবুল হওয়ার সম্ভাবনাও বেশী থাকে। কিন্তু অনেক জায়গায় এ ধরনের সভা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়। সেখানে সভা করার দ্বারা উদ্দেশ্য থাকে, পত্রিকায় ছবি ছাপা, নাম আসা, লোকের বাহবা কুড়ানো এবং প্রসিদ্ধি অর্জন। এ ধরনের উদ্দেশ্য যদি থাকে তাহলে এধরনের শোকসভা নিন্দনীয় ও বর্জনীয়। (ফাতওয়া মাহমুদিয়া-২/২২৫)