মৃতের পরিবার পরিজনকে সান্তনা দেয়া
প্রশ্ন
মৃতের পরিবার পরিজনকে সান্তনা দেয়ার বিধান কি?
উত্তর
মাসআলা: মৃতের পরিবার পরিজনকে সান্তনা দেয়া, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা, তাদেরকে ধৈর্য্য ধারণের জন্য তালকীন করা এবং মায়্যিতের জন্য দু’আ করা মাসনূন। হাদীসে এসবের অনেক ফজীলত বর্ণিত হয়েছে। তিরমিযী শরীফের একটি হাদীসে আছে, যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে সান্ত্বনা দেবে আল্লাহ তা‘আলা তাকেও উক্ত বিদপগ্রস্ত ব্যক্তির মত সাওয়াব প্রদান করবেন। ১/১২৭
মাসআলাঃ সমবেদনা প্রকাশ করা ও সান্তনা প্রদান করার সময়সীমা তিন দিন। এরপরে মাকরূহ। তবে যে বিলম্বে সংবাদ পেয়েছে অথবা কোন কারণবশতঃহাজির হতে পারেনি তার জন্য তিনদিন পরেও তা‘যিয়াতের অনুমতি আছে। কেউ যদি কোন সমস্যার কারণে মৃতের বাড়ী পর্যন্ত পৌছতে সক্ষম না হয় তাহলে চিঠি কিংবা ফোনের মাধ্যমেও সমবেদনা জ্ঞাপন করতে পারে। রাসূলুল্লাহ ﷺ চিঠির মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করেছেন বলে হাদীসে দেখতে পাওয়া যায়।