মাসাইল
১০০%

এর নাম কি মহাব্বাতে নববী?

প্রশ্ন

রবীউল আউয়াল মাসে কিছূ লোক নবী প্রেমের নামে যা করে তা কি মহাব্বাতে নববী?

উত্তর

রবীউল আউয়াল মাস এলেই কিছু সংখ্যক লোকের নবী প্রেম যেন উথলে ওঠে। সারা বছর তারা নামায পড়ে না, বিবিদেরকে পর্দায় রাখে না। শরীরে নবীর সুন্নত নেই, গোড়ালীর নীচে প্যান্ট-পাজামা, মুখে ক্লীন শেভ। তারা সহ আরো কিছু লোক জশন মানাতে শুরু করে। জশনে জুলুস বের করা হয়। আবার এর নাম দেয়া হয় ঈদে মীলাদুন্নবী। এসব অনুষ্ঠানের জন্য চাঁদা তোলা হয়। মসজিদ সাজানো হয়। রাস্তাঘাটে তোরণ নির্মাণ করা হয় হিন্দুদের রথ সাজানোর মত তথাকথিত পীর সাহেবের মোটর শোভাযাত্রা সাজানো হয়। এর নাম কি মহব্বতে নব্বী।

তাদেরকে কেউ জিজ্ঞাসা করত যে, তোমরা নিজেদের স্বার্থটা তো ঠিক রাখলে, প্রবৃত্তির চাহিদা তো পুরণ করলে কিন্তু রাসূলুল্লাহ ﷺ এর ইসলামের উপর যে মুসীবত আসছে, মানুষ যে দ্বীন থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা কতটুকু অবদান রাখছ, মেহনত করছ। একদিকে মুসলমান দ্বীনের উপর চলার অপরাধে হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে, গর্দান কাটিয়ে দিচ্ছে, আর অপরদিকে এসব নফসের পূজারীরা রথ সাজিয়ে মিষ্টি বিতরণ করছে। তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে, এখন যদি রাসূলুল্লাহ ﷺ জীবিত থাকতেন আর তাকে জিজ্ঞাসা করা হত যে, আমরা এই চাঁদার পয়সা কি মাজলুম মুসলমানের জন্য খরচ করব নাকি মিষ্টি খাওয়ার জন্য ব্যয় করব? তাহলে তিনি কি মিষ্টি খাওয়ার অনুমতি দিতেন।

ভায়েরা আমার। মুসলমানদের এই ডামাডোলের মুহূর্তে সহমর্মী কোন মানুষ কি মিষ্টি বিতরণের এই মহড়া বরদাশত করতে পারে? কত বড় হৃদয়হীনতা আর জুলুমের কথা যে, সুন্নতে রাসুলকে লাথি মেরে মহব্বতের দাবীদার হয়ে জশনে জুলুস করা হচ্ছে।

লোকেরা আজ ইচ্ছামত দ্বীনের মধ্যে সংযোজন করা শুরু করেছে। যার কাছে যেটা ভাল লাগছে সে সেটাকে দ্বীন বানিয়ে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। আর এর পক্ষে তারা দলীল পেশ করছে যে, এতে ইসলামের দবদবা আর শান-শওকত প্রকাশ পায়। তাই এটা নিষেধ করা উচিৎ নয়। এতে নাকি দ্বীনের স্পীরিট বজায় থাকে। হায়রে মুসলমান। এদের হাতে যদি দ্বীনের লাগাম দিয়ে দেয়া হত তাহলে না জানি ওরা আরো কত কিছু করত।

বারই রবীউল আউয়ালে আজ যেসব প্রথা আর অনুষ্ঠানাদী উদযাপিত হচ্ছে আমরা অনেকেই তা নিষেধ করতে ভয় পাই। অথচ কুরআন-হাদীস দ্বারা যেটা প্রমাণিত না সেটা নিষেধ করতে ভয় পাওয়ার কোন কারণ তো থাকতে পারেনা। হযরত উমর রা. বিদ‘আত জারী হওয়ার আশংকায় ঐ গাছটাকেও কেটে ফেলতে দ্বিধাবোধ করেন নি, যে গাছের ফযীলতের কথা স্বয়ং কুরআনে বর্ণিত হয়েছে অর্থাৎ যে গাছের নীচে বাইআতে রিযওয়ান অনুষ্ঠিত হয়েছিল। যারা দ্বীনের ধারক-বাহক তারা দ্বীনের বিকৃতি দেখে কখনো নিশ্চুপ থাকতে পারেন না। কেউ নারাজ হলে হোক। চাকরী গেলে যাক কোন পরওয়া তারা করেন না।

আর আসল কথা হল-বিষয়টিকে যদি সুন্দরভাবে লোকদের সামনে তুলে ধরা যায় তাহলে কেউ এর বিরোধিতা করবে না, সকলেই মেনে নিতে বাধ্য হবে। কেননা কেউ এভাবে গুনাহ করতে চায় না। কিন্তু ফেৎনা আর গন্ডগোলের মূল কারণ হল, যেভাবে দলীল প্রমাণ সহ উপস্থাপন করা দরকার সেভাবে আমরা উপস্থাপন করি না, কথা অর্ধেক বলে ছেড়ে দিই আর শুরু হয় ঝামেলা।