স্বামীর ব্যাপারে মহিলাদের ত্রুটি
প্রশ্ন
স্বামীর ব্যাপারে মহিলাদের কিছু ত্রুটি রয়েছে তা জানালে উপকৃত হবো।
উত্তর
দ্বীনী হুকুমের ব্যাপারে মহিলাদের ত্রুটি হল, স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা কোন চিন্তা করে না। স্ত্রীর জন্যই স্বামীরা সুদ-ঘুষ হারাম ইত্যাদি উপার্জনের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এব্যাপারে মহিলারা কোন পরওয়াই করে না যে, আমার স্বামীকে আমি বুঝাই সে যেন হারাম আমদানী গ্রহণ না করে, হালাল ভাবে যা পাওয়া যায় তাতেই আমরা চালিয়ে নেব।
অনুরূপ ভাবে স্বামী যদি নামায না পড়ে তাহলে তাকে কখনো নসীহত করেনা। সর্তক করে না, অথচ নিজের প্রয়োজনীয় সব কিছুই স্বামীর কাছ থেকে উসুল করে থাকে। এই জন্য মহিলাদেরকে প্রথমে দ্বীনের উপর মজবুত হতে হবে। অতঃপর স্বামীকে নসীহত করলে তা কার্যকরী হবে। অনেক মহিলারা দ্বীনদার হয় বটে কিন্তু তাদের কাজ হল তাসবীহ- জায়নামায নিয়ে বসে থাকা। ঘরের কাজ-কাম আর স্বামীর খেদমতের দায়িত্ব তারা চাকর-চাকরানীর উপর ছেড়ে দেয়। এ তরীকা ভাল নয়। কারণ ঘরের নেগরানী করা, স্বামীর খিদমত করা স্ত্রীর যিম্মায় জরুরী। আর জরুরী কাজের মধ্যে যদি ত্রুটি এসে যায় তাহলে নফল তাসবীহ কি কাজে আসবে? তাই দ্বীনদারীর মধ্যে এত বাড়াবাড়ি ঠিক নয় যে, সংসারের খবর নেয়ার ও অবকাশ থাকে না। নামায রোযা এমন ভাবে করতে হবে যেন তার পাশাপাশি সংসার ও স্বামীর হক ও আদায় করা যায়।