একশত ত্রিশ ফরয বলে শরি‘আতে কিছু নেই
প্রশ্ন
বাজারে প্রচলিত কোন কোন বইয়ে দেখা যায় যে, মুসলমানদের ফরয একশত ত্রিশটি। যেমন চার মাযহাব চার ফরয, চার কুরসি চার ফরয ইত্যাদি। এটা কি আসলে সঠিক?
উত্তর
দৈনন্দিন জীবনে শরী‘আতের যে সব হুকুম আহকাম রয়েছে সে গুলি পালন করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। কিন্তু সর্ব মোট ফরযের সংখ্যা কতগুলি সে সব নিয়ে হিসাব নিকাশ করা একেবারেই অযথা। এর চেয়েও অনেক জরুরী বিষয় জানার রয়ে গেছে। সে সব নিয়ে আলোচনা করা উচিৎ। উল্লেখ্য যে, চার কুরসী চার ফরয এটা একেবারে অর্থহীন কথা। কেননা ফরযের বা ওয়াজিবের সম্পর্ক আমলের সাথে। আর চার কুরসি অর্থ হল চার ব্যক্তির নাম জানা। এই নাম জানা কোন ফরয হতে পারে না। শরী‘আতে এর কোন ভিত্তি নেই।
অনুরূপ ভাবে চার মাযহাব চার ফরয এটাও সঠিক নয়। কেননা ফরয তরক করা কবীরা গুনাহ। অথচ পৃথিবীতে এমন কেউ নেই, যে এই চার মাযহাবের উপর একসাথে আমল করতে পারে বরং যে কোন এক মাযহাবের উপর আমল করাই যথেষ্ট। মোট কথা চার মাযহাব চার ফরয এটাও একটা অনর্থক কথা। যে সব বইয়ে এ ধরনের কথা লেখা থাকে সেসব বই পড়া ঠিক নয়। বরং উত্তম হল বই পড়ার আগে কোন হক্কানী আলেমের কাছ থেকে পরামর্শ নেয়া। নিজের পছন্দ মত যে কোন বই পড়তে শুরু করলে অনেক সময় ঈমান চলে যাওয়ারও সম্ভাবনা আছে।