ব্যাংক লোনের উপর যাকাত
প্রশ্ন
ব্যাংক থেকে নেয়া ঋণের উপর যাকাত দেয়ার কী তরীকা?
উত্তর
সাধারণতঃ যাকাত দাতার কোন ঋণ থাকলে মূল টাকা থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর যাকাত দিতে হবে। কিন্তু শিল্প বিপ্লবের এই যুগে করজের ধরনই বদলে গেছে। এখন দেখা যাচ্ছে যারা বড় বড় শিল্পপতি, পুঁজিপতি তারাই সবচেয়ে বড় ঋণী। ব্যাংক থেকে তারা কোটি কোটি টাকা ঋণ নিয়ে কল-কারখানা চালাচ্ছে। নিজের পুঁজি খুব সামান্যই বলা যায়। এমতাবস্থায় ঋণের টাকা বিয়োগ করলে তাদের নিকট তেমন কিছুই থাকে না। পরিভাষায় একে ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক ঋণ বলা যায়। মূল টাকা থেকে এগুলি বাদ দিলে দরিদ্র জনগণ যাকাতের বিশাল অংক থেকে বঞ্চিত হয়ে যাবে।
তাই এক্ষেত্রে মাসআলা হল, যদি কেউ হাজতে আসলিয়া অর্থাৎ নিত্য-প্রয়োজনীয় বস্তু যথা বাসস্থান, পরিধেয় বস্তু, ঘরের আসবাব পত্র, যানবাহন ইত্যাদি বাবদ ঋণ গ্রহণ করে তাহলে এই ঋণ স্বল্প মেয়াদী হোক বা দীর্ঘ মেয়াদী হোক-পুরাটাই যাকাতের নেসাব হতে বাদ দিতে হবে।
আর যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য না হয় বরং ব্যবসা বাণিজ্য মিল-কারখানার জন্য শিল্প ঋণ নেয়া হয়, তাহলে দেখতে হবে এই টাকা কোথায় লাগানো হয়েছে। যদি উক্ত টাকা দিয়ে এমন কিছু করা হয় যার উপর যাকাত আসে না। যেমন, মিল-ফ্যাক্টরী, মেশিনারীজ ইত্যাদি তাহলে ঐ ঋণ যাকাতের নেসাব হতে বাদ দেয়া যাবে না। কেননা, এই ঋণ নিয়ে যেহেতু সম্পদ তথা মিল-কারখানা করা হয়েছে সুতরাং এদিকে ঋণ আছে অপরদিকে তার পরিবর্তে সম্পদও আছে। মালিক কখনো ঋণ আদায়ে ব্যর্থ হলে এই সম্পদ থেকে ব্যাংক তার প্রাপ্য উসুল করে নেবে। তাই এ ধরনের ঋণ যাকাতের নেসাব থেকে বাদ দেয়া যাবে না।
আর যদি উক্ত ঋণ দিয়ে ব্যবসার মালামাল ক্রয় করা হয় তাহলে সেই ঋণ হতে চলতি বছরের পরিশোধযোগ্য কিস্তি পরিমাণ যাকাতের নিসাব থেকে বাদ দেয়া হবে। এমনিভাবে প্রত্যেক বছর যে পরিমাণ কিস্তি পরিশোধ করতে হবে সেই পরিমাণ বাদ দিয়ে বাকি সম্পদের উপর ঐ বছরের যাকাত দিতে হবে। (ফাতওয়ায়ে আলমগীরী- ১/১৭২)