খাঁটি পীর চেনার উপায়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫আত্মশুদ্ধি

প্রশ্ন

আমাদের দেশে আজকাল পীরের ছড়াছড়ি। ভন্ড অর খাঁটি পার্থক্য করা যাচ্ছে না। সুতরাং খাঁটি পীরের পরিচয় জানতে আগ্রহী।

উত্তর

প্রকৃত পীর হতে হলে তাফসীরে কুরআন, হাদীসে রাসুল ﷺ এবং ইসলামী আইন কানুন তথা ইলমে ফিকহে অভিজ্ঞ হতে হবে। মুত্তাকী দ্বীনদার, শরী‘আত ও সুন্নাতে নববীর পুরাপুরি অনুসারী হতে হবে। পীর সাহেবের মধ্যে দুনিয়ার লোভ থাকবে না। দুনিয়া থেকে গাফেল এবং আখিরাতের প্রতি আগ্রহী হতে হবে। সৎকাজের আদেশ এবং অসৎ কাজ হতে বিরত থাকার নির্দেশ দিতে হবে। বিদ‘আত থেকে নিজেকে এবং অন্যকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। কোন কামেল পীরের খেদমতে থেকে ইসলাহে বাতেন আর তরীকত হাসিল করতে হবে। নির্ভরযোগ্য কিতাবাদিতে কামেল এবং খাঁটি পীর চেনার দশটি আলামত লেখা হয়েছে। সেগুলি কারো মধ্যে পাওয়া গেলে একজন সাধারণ লোকও বুঝতে পারবে তিনি খাঁটি না ভন্ড।

(১) প্রকৃত পীর হতে হলে তাফসীরে কুরআন, হাদীসে রাসুল এবং ইলমে ফিকহে অভিজ্ঞ আলিম হতে হবে। অন্ততঃ পক্ষে মিশকাত শরীফ এবং তাফসীরে জালালাইন শরীফ বুঝে পড়েছে এমন হতে হবে।

(২) পীর সাহেবের আকীদা ও আমল শরী‘আত সম্মত হতে হবে। স্বভাব-চরিত্র এবং অন্যান্য গুণাবলী শরী‘আত মত হতে হবে।

(৩) পীর সাহেবের মধ্যে দুনিয়ার টাকা-পয়সা, সম্মান, প্রতিপত্তি ও সুখ্যাতির লোভ না থাকতে হবে, নিজে কামেল হবার দাবী না করতে হবে। কেননা এটাও দুনিয়ার মহব্বতের অন্তর্ভুক্ত।

(৪) কোন কামেল পীরের সোহবতে থেকে ইসলাহে বাতেন এবং তরীকত হাসিল করেছেন এমন ব্যক্তিত্ব হতে হবে।

(৫) সমকালীন পরহেযগার হক্কানী আলেমগণ এবং সুন্নত তরীকার পীরগণের তার প্রতি সু-ধারণা থাকতে হবে। তাকে সত্যিকারভাবে ভাল মনে করতে হবে।

(৬) দুনিয়াদার ব্যক্তিদের চেয়ে দ্বীনদার ব্যক্তিরাই তার প্রতি অধিক ভক্তি রাখে এমন ব্যক্তিত্ব হতে হবে।

(৭) তাঁর মুরিদদের মধ্যে অধিকাংশের অবস্থা এমন হতে হবে যে, তারা প্রাণ পনে শরী‘আতের অনুসরণ করে এবং দুনিয়ার লোভ রাখে না।

(৮) পীর সাহেব মনোযোগের সাথে মুরীদানের তালীম ও তালকীন করেন এবং মুরীদান যাতে সংশোধন হয় তার জন্য চেষ্টা করেন। যখন তাদের মধ্যে মন্দ কিছু দেখতে বা শুনতে পান তখনই তা সংশোধন করার চেষ্টা করেন এমন হতে হবে।

(৯) পীর সাহেবের সোহবতে থাকলে দুনিয়ার মহব্বত কম এবং পরকালের মহব্বত বেশী হতে থাকে এমন হতে হবে।

(১০) পীর সাহেব নিজেও যিকির শোগলে লিপ্ত থাকেন এমন হতে হবে। মনে রাখতে হবে যে এই গুণগুলি কারো মধ্যে বিদ্যমান থাকলে তিনি একজন খাঁটি এবং কামেল পীর হিসেবে বিবেচিত হতে পারেন। তাই তার কোন কারামত প্রকাশ পাক বা না পাক। কেননা পীর হওয়ার জন্য তার কারামত প্রকাশ পাওয়া, কাশফ হওয়া, কারো ভেদ বলতে পারা ইত্যাদি কোন জরুরী বিষয় নয়। (খায়রুল ফাতওয়া-১-৩৬১ পৃঃ)

খাঁটি পীর চেনার উপায় | ইসলামী যিন্দেগী