গায়ের মাহরাম মহিলাদের সাথে মেলা-মেশা
প্রশ্ন
গায়ের মাহরাম মহিলাদের সাথে কতটুকু মেলা মেশা জায়েয আছে? গায়ের মাহরাম মহিলাদের দিকে তাকানো বা চেহারা দেখা কোন অবস্থায় জায়েয কিনা? যদি অন্য দিকে তাকিয়ে কথা বললে সে মন খারাপ করে? যদি তাকে দেখলে কোন খারাপ চিন্তা না আসে, যেমন অনেক বয়স্ক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলার সময় চেহারা দেখা যাবে কিনা? আমি মেডিকেল কলেজের ছাত্র। অনেক মহিলা শিক্ষকের ক্লাস করতে হয়, ক্লাসের সময় তাদের দিকে তাকিয়ে কথা শুনা যাবে কিনা। নাকি অন্য দিকে তাকিয়ে কথা শুনতে হবে?
এখানে সহশিক্ষা ছেলে মেয়ে এক সাথে। ক্লাসের মেয়েরা যদি কোন কথা জিজ্ঞাসা করে তাহলে তাদের দিকে তাকিয়ে জবাব দিতে হবে, না অন্য দিকে তাকিয়ে?
ক্লাসের কোন মেয়ের কাছে যদি আমার কোন দরকার থাকে, তাহলে কি করবো, তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করব কিনা? না কিভাবে জিজ্ঞাসা করব?
উত্তর
গায়ের মাহরাম মহিলাদের সাথে মেলা মেশা যথা: তাকে দেখা, তার সাথে কথা বলা, তার সাথে থাকা ইত্যাদী শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। একজন গায়রে মাহরাম মহিলা যতই ভাল হোকনা কেন তার দিকে ইচ্ছা করে তাকানো হারাম।
বরং অত্যাবশ্যকীয় প্রয়োজন ব্যতীত তার সাথে কথা বলাও নাজায়েয। হুযুর ﷺ কোন গায়রে মাহরাম মহিলার দর্শন কারীর উপর অভিশাপ করেছেন। (মিশকাত শরীফ ২:২৭৫ পৃষ্ঠা)
কিন্তু এমন বয়স্কা মহিলা, যে যৌন আকর্ষণের যোগ্য নয় তার চেহারার দিকে তাকানো ও তার সাথে কথা বলা জায়েয আছে।
ক্লাসে মহিলা শিক্ষিকার কথা যথা সাধ্য অন্যদিকে তাকিয়ে শুনার চেষ্টা করতে হবে।
তেমনি ভাবে ক্লাসের মেয়েরা কোন কথা জিজ্ঞাসা করলে বা একান্ত ঠেকায় পড়ে তাদেরকে কিছু জিজ্ঞাসা করতে হলে নযর এড়িয়ে জবাব দেয়ার চেষ্টা করতে হবে।
কোন গায়রে মাহরাম মহিলার দিকে ইচ্ছা করে তাকানো একবারও জায়েয নেই সম্পূর্ণ হারাম কবিরা গুনাহ ও চোখের যিনার শামিল।
যদি অনিচ্ছায় হঠাৎ নযর পড়ে যায়, তাহলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, দৃষ্টিকে স্থির করে নেওয়া বা দ্বিতীয়বার দেখা নাজায়েয।