জানাযার পরে মাইয়িতের মুখ দেখানো যাবে না

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

জানাযার নামাযের পরে অথবা কবরে রাখার পরে মাইয়িতের মুখ দেখানো জায়েয আছে কি?

উত্তর

জানাযা নামাযের পর থেকে আর মাইয়িতের চেহারা দেখানো উচিৎ নয়। তবে জানাযা পড়ার আগ পর্যন্ত চেহারা দেখাতে পারে। কিন্তু চেহারা দেখানোর জন্য মাইয়িতের কাফন দাফনে দেরী করা জায়েয নেই। গোসল-কাফন ইত্যাদির প্রস্তুতির ফাঁকে চেহারা দেখিয়ে দেবে। এর জন্য আলাদা ভাবে সময় দেয়া অনুচিৎ। আল্লাহ ও রাসূলের নির্দেশ হল যত তাড়াতাড়ি সম্ভব মাইয়িতকে দাফন করা, এ ব্যাপারে অলসতা করা, দেরী করা নিষেধ এবং গুনাহের কাজ। আজকাল চেহারা দেখানোর জন্য কিংবা জুমু‘আ বা কোন ফরয নামাযের পরে বেশী লোক হবে- এই আশায় জানাযা নামায পড়তে বিলম্ব করা হয়, এটা ঠিক নয়। বরং এর আগে গোসল কাফন ও কবর তৈরী হয়ে থাকলে অল্পলোক হলেও জানাযার নামায পড়ে দাফন সেরে ফেলা উত্তম। এমনিভাবে অনেক মাইয়িতকে দেশে নেয়ার জন্য বা তার কোন তাত্মীয়ের আগমনের জন্য দাফন করতে দেরী করা হয়। এসবই গুনাহের কাজ। এখানে স্বরণ রাখা দরকার যে, জীবিত অবস্থায় যাদের সাথে পর্দা করা জরুরী, মৃত্যুর পরেও তাদের কে চেহারা দেখানো যাবে না। (দারুল উলুম-৫/৪০৬)

জানাযার পরে মাইয়িতের মুখ দেখানো যাবে না | ইসলামী যিন্দেগী