ফরয নামায পড়া অবস্থায় জামা‘আত শুরু
প্রশ্ন
এক ব্যক্তি যুহরের ফরয নামায আদায় করছিল। এমন সময় যুহরের জামা‘আত শুরু হয়ে গেল। এখন ঐ ব্যক্তি কি নিজের নামায ছেড়ে জামা‘আতে শরীক হতে পারবে?
উত্তর
ঐ ব্যক্তি যদি এখনো পর্যন্ত প্রথম রাক‘আতের সিজদা না করে থাকে তাহলে তার জন্য কর্তব্য হল নিয়ত ছেড়ে জামা‘আতে শরীক হওয়া। আর যদি প্রথম রাক‘আতের সিজদা করে ফেলে এবং ঐ নামাযটা ফজর কিংবা মাগরিবের নামায হয় তাহলে ও নিয়ত ছেড়ে জামা‘আতে শরীক হয়ে যাবে। আর যদি সেটা যোহর, আসর কিংবা ‘ইশার নামায হয় এবং প্রথম রাক‘আতের সিজদা করার পর জামা‘আত শুরু হয় তখন তার জন্য ওয়াজিব হল আরেক রাক‘আত মিলিয়ে সালাম ফিরিয়ে নামায শেষ করা যাতে করে এই দুই রাক‘আত নফল হয়ে যায়। এর পরে জামা‘আতে শরীক হয়ে ফরয আদায় করা।
আর যদি ফজর এবং মাগরিবের নামাযে দ্বিতীয় রাক‘আতের সিজদা করার পর জামা‘আত শুরু হয় তাহলে সে নিজের ঐ নামাযকে পুরা করবে। নিয়ত ছেড়ে জামা‘আতে শামিল হবে না। অনুরূপভাবে চার রাক‘আত বিশিষ্ট নামাযের তৃতীয় রাকআত পড়ার পর যদি জামা‘আত শুরু হয় তাহলে নিয়ত ছেড়ে জামা‘আতে শামিল হবে না বরং নিজেরটাই পুরা করবে। এর পরে নফলের নিয়তে ইমামের ইকতিদা করতে চাইলে করতে পারে। এতে সে জামা‘আতের সাওয়াব পেয়ে যাবে। তবে আসর ফজর এবং ‘ইশার নামায হলে নফলের নিয়তে জামা‘আতে শরীক হতে পারবে না। কেননা ফজর ও আসরের পরে নফল পড়া মাকরূহ। (দুররে মুখতার-১/৬৪৫)