সিকিউরিটি মানি
প্রশ্ন
অগ্রিম টাকার উপর যাকাত কে দিবে?
উত্তর
বর্তমানে বিভিন্নভাবে টাকা জামানতের রেওয়াজ চালু হয়েছে। এর মধ্যে দোকান বা বাড়ী ইত্যাদি ভাড়া নেয়ার জন্য সাধারণতঃ দু’ধরনের পন্থা অবলম্বন করা হয়- (১) অগ্রিম ভাড়া বাবদ জামানত (এডভান্স সিকিউরিটি) এই টাকা চুক্তি অনুযায়ী কিছু কিছু করে ভাড়া হিসেবে কর্তন করা হয়ে থাকে। (২) ফেরতযোগ্য জামানত, যা ভাড়া হিসেবে কর্তন করা হয় না বরং মালিকের নিকট বন্ধক হিসেবে রাখা হয়। বাড়ী বা দোকান ছেড়ে দেয়ার সময় এ টাকা ফেরৎ দেয়া হয়।
উপরোক্ত দু’প্রকারের মধ্যে প্রথম ক্ষেত্রে ভাড়া দাতা উক্ত টাকার মালিক হয়ে যায় বিধায় তাকেই যাকাত আদায় করতে হবে। আর দ্বিতীয় প্রকারের টাকা যেহেতু শরী‘আতের দৃষ্টিতে রাহান তথা বন্ধকের অন্তর্ভুক্ত। তাই মালিকের জন্য বন্ধক গ্রহীতার টাকাগুলি যথাযথভাবে হেফাজত করা জরুরী। মালিকের জন্য এই টাকা কোন ভাবেই ব্যবহার করা জায়েয নেই। কেননা বন্ধকী মাল ব্যবহার করা শরী‘আতের দৃষ্টিতে অবৈধ। কিন্তু আমাদের সমাজে এ মাসআলার উপর আমল নেই বললেই চলে। ভাড়াদাতা নিজের কাজে ব্যবহারের জন্যই উক্ত এডভান্স নিয়ে থাকে। আর নাজায়িয পন্থায় তা নিজের ব্যবসা বাণিজ্যে খরচ করে থাকে। এখন প্রশ্ন হল, এই টাকার যাকাত কার উপর বর্তাবে। ভাড়া দাতার উপর নাকি ভাড়া গ্রহীতার উপর?
এ মাসআলাটি একটু বিশদভাবে আলোচনার প্রয়োজন। ফিকহের কিতাবসমূহে সাধারণ বন্ধক সংক্রান্ত যাকাতের বিধান বর্ণিত থাকলেও এ যামানার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কে অবগত সকলেই জানেন যে, সেই যুগের সাথে এখনকার সিকিউরিটি মানির অনেক তফাত রয়েছে।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটির নামে কোটি কোটি টাকা বহু বছর লেগে থাকে। যা আগের ফকীহগণের সময় ছিল না। তাই বর্তমানের সিকিউরিটি মানির যাকাত অবশ্যই প্রদান করতে হবে। এক্ষেত্রে বন্ধক গ্রহীতা যদি অন্যায়ভাবে সিকিউরিটির টাকা খরচ করে ফেলে তাহলে এর যাকাত তাকেই প্রদান করতে হবে। আর যদি সে যথাযথভাবে হেফাজত করে তাহলে বন্ধকদাতা এই টাকার যাকাত আদায় করবে। (দারুল উলুম ৭/৭৭, আহসানুল ফাতওয়া, ৪/২৬১)
এখানে আরেকটি মাসআলা মনে রাখা দরকার, তা হচ্ছে বর্তমানে বিভিন্ন কোম্পানী বা উৎপাদকগণ তাদের পণ্য বা সেবা বাজারজাত করার জন্য ডিলার বা এজেন্টদের নিকট থেকে যে জামানত নিয়ে থাকে তার যাকাতও এই সকল কোম্পানীর মালিক ও উৎপাদকগণকেই পরিশোধ করতে হবে।