চার ইমামকে এক সাথে মানা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫মাযহাব ও তাকলীদ

প্রশ্ন

আমরা জানি চার মাযহাবের চার ইমামই হকের উপর আছেন। সকলের কথাই কুরআন-হাদীস সম্মত। তাহলে এক সাথে চারো ইমামকে মানলে অসুবিধা কোথায়? কখনো এক ইমামের কথার উপর আমল করলাম, কখনো অন্য ইমামের কথা মানলাম। এতে ক্ষতিটা কি? বুঝিয়ে বললে বাধিত হব।

উত্তর

যে ব্যক্তির মধ্যে ইজতিহাদ করার যোগ্যতা নেই তার জন্য জরুরী হচ্ছে মতবিরোধপূর্ণ মাসায়িলের ক্ষেত্রে সে কোন একজন মুজতাহিদের অনুসরণ করবে এবং তার ফতোয়াকে আঁকড়ে ধরবে। এরই নাম হচ্ছে তাকলীদ করা। এই তাকলীদেরই একটা সুরত হচ্ছে কখনো এক ইমামের ফতোয়ার উপর আমল করল কখনো অন্য ইমামের ফতোয়ার উপর আমল করল অথবা একটা মাসআলায় এক ইমামকে মানল আরেক মাসআলায় আরেক ইমামকে মানল। তবে মানুষ যেহেতু সুবিধাবাদী এবং আরাম প্রিয়, তাই এরকম করার যদি অনুমতি দেয়া হত তাহলে সম্ভাবনা ছিল যে, যে ইমামের ফতোয়া তার কাছে ভাল লাগবে, সহজ মনে হবে

সেটার উপর সে আমল করবে। এক্ষেত্রে সে শরী‘আতের পায়রবি এবং অনুসরণ করল না বরং নিজের খাহেশাত এবং প্রবৃত্তির অনুসরণ করল।

শরী‘আত তার কাছে একটা ছেলেখেলার বিষয় হয়ে দাঁড়াল। সুতরাং সাধারণ মানুষকে নফসের খাহেশাতের অনুসরণ থেকে বাঁচিয়ে শরী‘আতের পাবন্দ বানানোর জন্য যে কোন একজন ইমামের অনুসরণ করা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। (বিঃ দ্রঃ তাকলীদের ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য জায়েয নাজায়েযের দ্বিতীয় খন্ড দেখুন)