দাড়ীওয়ালা ছেলেকে বিবাহ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১২ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক, মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

আজকাল অনেক মহিলা দাড়ী নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। দাড়ীআলা ছেলে তারা পছন্দ করে না। এসব মহিলাদেরকে বিবাহ করার কি হুকুম?

উত্তর

সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে রাসূলে আকরাম ﷺ দাড়ী লম্বা করতে বলেছেন। সাথে সাথে অমুসলিমদের সাথে সাদৃশ্যতা থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন। হাদীসে রাসূলে পাক ﷺ আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। আর হাদীস শাস্ত্রের মূলনীতি অনুযায়ী আদেশ সূচক শব্দ দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। সুতরাং বুঝা গেল দাড়ী রাখা ওয়াজিব। এখন কেউ যদি দাড়ী রাখাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, গুরুত্বহীন মনে করে, দাড়ী ওয়ালাকে অপমান জনক কথাবার্তা বলে, তাহলে সে নিঃসন্দেহে রাসূলে কারীম ﷺ এর সুন্নাত নিয়ে হাসি ঠাট্টা করল। সুতরাং এই তিরস্কার বিদ্রুপ যদি সুন্নাতকে নিয়ে হয় তাহলে সে কাফের আর যদি জায়িয মনে করে করে তাহলে কাফের তো হবেনা কিন্তু বড় ফাসিক বলে গন্য হবে। অনুরূপ ভাবে কোন মহিলার দাড়ীওয়ালা ছেলেকে পছন্দ না করাটা যদি সুন্নাতকে ঠাট্টা করার কারণে হয় তাহলে ঐ মহিলা কাফের হয়ে যাবে। অতএব তাকে বিবাহ করা জায়েয হবে না বরং হারাম হবে। পক্ষান্তরে তার পছন্দ না করাটা যদি দাড়ী রাখাকে সুন্নাত মনে করে ঠাট্টা করার কারণে না হয় বরং দাড়ী কাট ছাট করাকে জায়েয বা হালাল ভেবে করে তাহলে কাফের না হলেও বড় ফাসেক বলে বিবেচিত হবে, সুতরাং তাকে বিবাহ করা বৈধ হবে। তবে এরূপ মনোভাবের অধিকারী মহিলার চেয়ে দ্বীনদার মহিলাকে বিয়াহ করাই উত্তম। (রহীমিয়া-২-৪০২, আলমগীরী-২-২৬৫)

দাড়ীওয়ালা ছেলেকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী