কবর যিয়ারত করার সময় হাত তুলে দু‘আ করা
প্রশ্ন
কবর যিয়ারতের পর হাত উঠিয়ে মুনাজাত করা কেমন? যিয়াবতের সময় নামাযের মত বুকে হাত বাধার কি হুকুম? কবর যিয়ারত করার সুন্নত তরীকা কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে কবর যিয়ারত করা সুন্নত। এর দ্বারা মানুষের মন আখেরাত মুখি হয়। কিন্তু সেখানে এমন কোন কাজ করা ঠিক হবে না যা বিদ‘আত হিসেবে পরিগণিত হয়ে যায়। সুতরাং যিয়ারতের সুন্নত তরীকা হল প্রথমে কবরের কাছে গিয়ে কবর বাসিকে উদ্দেশ্য করে সালাম প্রদান করবে। অতঃপর কবরকে সামনে নিয়ে দাঁড়িয়ে সাধ্যমত ইসালে সাওয়াবের নিয়তে পবিত্র কুরআন থেকে কিছু তিলাওয়াত করবে। সম্ভব হলে বিশেষ করে সূরা ইয়াসীন, সূরা মুলক, সূরা তাকাসুর, স্ত্রা ইখলাছ ইত্যাদি পাঠ করা ভাল। দু‘আর সময় হাত তোলা, পশ্চিম মুখি হয়ে দাঁড়ানো এসব দু‘আর আদব, জরুরী কোন বিষয় নয়, বরং জরুরী মনে করলে তা বিদ‘আত হয়ে যাবে। যিয়ারতের সময় পা থেকে জুতা খুলে নেয়া ভাল। দু‘আর সময় এমন কোন পন্থা বা ভঙ্গিমা অবলম্বন করা যাবে না যার দ্বারা দর্শক মনে করতে পারে যে মৃতের কাছে কিছু চাওয়া হচ্ছে। এজন্যেই পশ্চিমমুখি হয়ে কবরকে পিছনে রেখে দু‘আ করা উত্তম। যিয়ারতের সময় নামাযের মত হাত বাঁধার কোন নিয়ম নেই। হাত যে কোন ভাবে রাখা যাবে। (আহসানুল ফাতওয়া-৪/২২২ মাহমুদিয়া-২/৪০৬)