হযরত মাহদী আলাইহীর রিযওয়ান সম্মন্ধে আকীদা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫ঈমান আক্বাইদ

প্রশ্ন

হযরত মাহদী আলাইহীর রিযওয়ান যিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে আগমন করবেন তার পরিচয় এবং আলামত কি হবে?

উত্তর

হযরত মাহদী আলাইহীর রিযওয়ান সম্বন্ধে রাসূলে আকরাম ﷺ যা কিছু ইরশাদ করে গেছেন সেটাই আমাদের আকীদা হওয়া উচিৎ। এর চেয়ে বেশি কিছু বিশ্বাস করা ঠিক নয়। হাদীসে যা কিছু বর্ণিত হয়েছে তার সার সংক্ষেপ হচ্ছে, তিনি হযরত ফাতেমা রা. এর বংশধর থেকে আসবেন, তার পিতৃকুল এবং মাতৃকুল সৈয়দ বংশীয় হবেন। তার নাম হবে মুহাম্মাদ আর পিতার নাম হবে আব্দুল্লাহ। পূত্র যেমন সুরত-সীরাত আখলাক-চরিত্রে পিতার সাদৃশ্য হয় তিনিও তেমন শাকল-সুরত, আখলাক-চরিত্রের দিক দিয়ে রাসূলে আকরাম ﷺ এর সাদৃশ্য হবেন। কিন্তু তিনি নবী হবেন না। তার উপর ওহী নাযিল হবে না। এবং তিনি নিজেও নবী হওয়ার দাবী করবেন না। কাফেরদের সাথে তার ঘোরতর লড়াই হবে। সেই সময়ে কানা দাজ্জালের আবির্ভাব হবে। হযরত মাহদীর বাহিনী দাজ্জাল বাহিনীকে অবরুদ্ধ করতে চেষ্টা করবে। ঠিক সেই সময় একদিন হযরত ঈসা আ. ফজরের সময় আসমান থেকে অবতরণ করবেন এবং হযরত মাহদীর ইমামতিতে ফজরের নামায আদায় করবেন। নামাযের পরে দাজ্জালের খোঁজে বের হবেন। দাজ্জাল পলায়ন করতে চাইবে। হযরত ঈসা আ. তার পশ্চাদ্ধাবন করে বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন"। এই হল হাদীসে বর্ণিত তার সম্মন্ধে ভবিষ্যদ্বাণী। এছাড়া তার নামে আর যেসব আজগুবি কথাবার্তা প্রচলিত আছে সেদিকে কান না দিয়ে সালফে সালেহীনদের আকীদার মত আকীদা পোষণ করা এবং নিজের ঈমান বরবাদ না করা মুসলমানদের প্রধান কর্তব্য। (আপকে মাসাইল-আওর উনকা হল ১/২৬৭)

হযরত মাহদী আলাইহীর রিযওয়ান সম্মন্ধে আকীদা | ইসলামী যিন্দেগী