গায়ের মাহরাম মহিলাদের সেবা-শুশ্রূষা করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

যাদের সাথে শরী‘আত মতে দেখা দেওয়া নিষেধ, বিশেষ করে চাচী, মামী, চাচাতো বোন, ফুফাত বোন, মামাতো বোন, আপন শালি, ভাবি প্রমুখ এদের মধ্যে কেউ মারা গেলে তার লাশ দেখা যাবে কি-না। অথবা এদের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা-শুশ্রূষা কিংবা দেখা-সাক্ষাত করা যাবে কি-না?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে যে সকল মহিলাদের সাথে জীবিতাবস্থায় দেখা-সাক্ষাত নাজায়েয মৃত্যুর পরও তাদের সাথে দেখা-সাক্ষাৎ নাজায়েয। জীবিত বা মৃত বলে কোন কথা নেই। উভয় অবস্থায় এই পর্দার হুকুম অবশ্য পালনীয়।

প্রশ্নোল্লিখিত মহিলাদের অসুস্থাবস্থায় পর্দার আড়াল থেকে তাদের সেবা শুশ্রূষা করা যেতে পারে। তাতে কোন অসুবিধা নেই। কিন্তু পর্দার লংঘন করে সেবা শুশ্রষার জন্য তাদের সাথে দেখা দেয়া কোন ক্রমেই জায়েয হবে না। বলা বাহুল্য, আশংকাজনক রোগীর ক্ষেত্রে যদি তাদের কোন মাহরাম পুরুষ বা সেবা-শুশ্রূষা করার মত কেউ উপস্থিত না থাকে এবং অন্য কারো সেবা-শুশ্রূষার প্রতি নিতান্ত মুখাপেক্ষী হয়ে পড়ে, যেমন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ঔষধ সেবন করানো ইত্যাদি, তাহলে এরূপ নিরুপায় অবস্থায় কেবল মাত্র যতটুকু সেবা-শুশ্রূষা পর্দা রক্ষা করে প্রদান করা কোন ভাবেই সম্ভব নয় ততটুকু করতে অসুবিধা নেই। তদুপরি রোগীনীর প্রতি ততটুকুর অতিরিক্ত বিনা প্রয়োজনে সামন্যতম পর্দা লংঘনও বৈধ হবেনা। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন রোগীনীকে ধরে যানবাহনে উঠানামা করানোর সময় সরাসরি তার শরীর স্পর্শ করা যাবে না। শরীরের উত্তাপ অনুভব না হয় এমন মোটা কাপড় দিয়ে ধরতে হবে। এ ধরনের খুঁটিনাটি বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। মিশকাত শরীফ ২/২৬৯, আহমদ-২০২ পৃষ্ঠা আবুদাউদ শরীফ-১/৩৩৭, মুসলিম শরীফ, আল আশবাহ, ১/১৪১ হিদায়া-৪/৪৪২, বাহরুর রায়েকু-৮/১৯২।

গায়ের মাহরাম মহিলাদের সেবা-শুশ্রূষা করা | ইসলামী যিন্দেগী