নবীয়ে কারীম ﷺ কে নেতা বলা ঠিক নয়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

রাসূলে পাক ﷺ কে সাইয়িদ বলে অভিহিত করা হয়েছে। বাংলায় সাইয়িদ অর্থ নেতা, সেই হিসেবে তাকে নেতা বলে আখ্যায়িত করা কেমন?

উত্তর

রাসূলে পাক ﷺ কে সাইয়িদ শব্দের পরিপ্রেক্ষিতে আভিধানিক অর্থে যদিও নেতা বলা যায় কিন্তু শরী‘আতের সুক্ষ্ণ দৃষ্টিকোনে বর্তমানে নেতা বলা উচিৎ নয়। কেননা বর্তমানে নতুন বিশ্বের রাজনৈতিক রঙ্গালয়ে নেতা শব্দের অর্থ যেভাবে ব্যবহার হচ্ছে তা আদৌ কোন সম্মানের পাত্র হিসেবে ব্যবহার হচ্ছে না। বরং নেতাদের সার্বিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে তা এক হিসেবে ঘৃণাসূচক শব্দে রূপান্তরিত হয়ে গেছে। সুতরাং এই শব্দ রাসূলে পাক ﷺ এর পবিত্র শানে ব্যবহার করলে একটি ভুল ধারণা সৃষ্টি হওয়া স্বাভাবিক যে, হুযুর ﷺ ও বর্তমানের প্রচলিত নেতাদের মত দোষ ত্রুটিযুক্ত নেতা ছিলেন, তখন এটা হবে তার শানে মস্তবড় বেয়াদবী ও গুস্তাখি। অতএব এই সন্দেহ সৃষ্টিকারী শব্দ রাসূলে মাকুবল ﷺ এর শানে ব্যবহার করা জায়েয হবে না। উল্লেখিত বিশ্লেষণের আলোকে "আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা শ্লোগান চরম অজ্ঞতা এবং ধৃষ্টতা বৈ নয়। তাছাড়া আরবী সাইয়িদ শব্দের প্রকৃত তাৎপর্য "নেতা" শব্দটি বহন করতে সক্ষম নয়। সুতরাং বাংলা ভাষায় হুবহু সাইয়িদ শব্দটি ব্যবহার করাই যুক্তিযুক্ত ও বাঞ্ছনীয়।

নবীয়ে কারীম ﷺ কে নেতা বলা ঠিক নয় | ইসলামী যিন্দেগী