পীর ধরা কি জরুরী
প্রশ্ন
শরী‘আতে পীর ধরার গুরুত্ব কতটুকু? কারো যদি কোন পীর না থাকে তাহলে তার কি কোন ক্ষতি হবে?
উত্তর
আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন করার জন্য এবং তার প্রিয় পাত্র হওয়ার জন্য প্রয়োজন হল-নিয়মিত ও যথারীতি ইবাদাত বন্দেগী করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আত্মশুদ্ধি অর্জন করা। তবে এসব ব্যাপারে যেহেতু কামেল পীরের পরামর্শ মত চললে আমল করা সহজ হয় এবং বিশেষ ফয়েয ও বরকতের অধিকারী হওয়া যায়, তাই কোন কামেল পীর বুযুর্গের সাথে সম্পর্ক রেখে তার নিকট থেকে নিজের আত্মশুদ্ধির সবক নেয়া উচিৎ। তবে পীর সাহেবের থেকে পরামর্শ নেয়ার জন্য তার হাতে হাত দিয়ে বাইয়াত হওয়া বা মুরীদ হওয়া জরুরী নয়। মুস্তাহাব মাত্র। কিন্তু আত্মশুদ্ধির জন্য কোন আল্লাহ ওয়ালার সাথে ইসলাহী সম্পর্ক কায়েম করা জরুরী। কেননা বর্তমানের ফিৎনা ফাসাদের যুগে কোন শাইখের সাথে সম্পর্ক না রেখে নিজে নিজে আত্মশুদ্ধি অর্জন করা বড়ই দুরুহ ব্যাপার। শারীরিক রোগের চিকিৎসা করা সুন্নত কিন্তু দিলের রোগ তথা দুনিয়ার মহব্বত, রিয়া অহংকার, লোভ, হিংসা ইত্যাদির চিকিৎসা করা এবং দিলের মধ্যে ভাল গুণ অর্জন করা যথা- আল্লাহ-রাসূলের মহব্বত, ইসলামী আহকামের পাবন্দী, সবর-শোকর, ইখলাস ইত্যাদি অর্জন করা ফরয। দিলের রোগের চিকিৎসা না হলে রিয়া-অহংকার ইত্যাদির কারণে সারা জীবনের আমল, বরবাদ হয়ে যেতে পারে। এসব কারণেই বর্তমানের এই কঠিন সময়ে শাইখের সংসর্গ ও সাহচর্য্য জরুরী, এতে সন্দেহের কোন অবকাশ নেই। (খায়রুল ফাতাওয়া- ১-৩৬১)