মোহরের ক্ষেত্রে স্বামীর ত্রুটি

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৮ মে, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

মোহরের ক্ষেত্রে স্বামী কী কী ভুল করে থাকে?

উত্তর

মোহর আদায় করার ব্যাপারে স্বামীর একটা ভুল হয়ে থাকে, সেটা হল, কখনো স্ত্রীকে কোন জিনিষ যথা অলংকার, কাপড়, জায়গা, বাড়ি ইত্যাদি দিল আর নিয়ত করল মোহর আদায় করার। এভাবে কিন্তু মোহর আদায় হয় না। কেননা মোহরের বদলে এসব জিনিষ স্ত্রীকে দেয়া ক্রয়-বিক্রয়ের মত। আর ক্রয়-বিক্রয়ের মধ্যে ক্রেতা-ও বিক্রেতার রাজি থাকা শর্ত। সুতরাং এখানে স্ত্রীকে এসব জিনিষ দেয়ার আগে স্পষ্ট ভাবে তার কাছে জেনে নিতে হবে যে, তোমার মোহরের পরিবর্তে এসব জিনিষ দেয়া হচ্ছে তুমি কি এতে রাজি আছ? যদি স্ত্রী রাজি হয় আর প্রদেয় জিনিষটা ধার্য্যকৃত জিনিস না হয়, যেমন বলা হয়েছিল ১০ হাজার টাকা দেব কিন্তু এখন দেয়া হচ্ছে অলংকার বা জায়গা তাহলে ঐ পরিমাণ হলে উভয়ের সম্মতিতে জায়েয হবে।

অনেক সময় মহিলারা মৃত্যুর সময় মোহর মাফ করে দেয়, স্বামী ও এতে বেফিকির আর নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু এখানে মনে রাখা দরকার মৃত্যুপথ যাত্রী স্ত্রীর এই মাফ করার দ্বারা মোহর মাফ হবে না। কেননা সে যখন মৃত্যু শয্যায় তখন নিজ সম্পদের উপর তার কোন হক নেই। সেটা এখন ওয়ারিসদের হক হয়ে গেছে। তাই স্ত্রীর একার মাফ করার দ্বারা মাফ হবে না বরং সকল ওয়ারিস যদি মাফ করে তাহলেই মাফ হবে। তবে স্বামী স্ত্রীর অংশ থেকে যতটুকু পাবে ততটুকু মাফ হয়ে যাবে। অনুরূপ ভাবে স্বামীর মৃত্যুর সময় স্ত্রী মোহর মাফ করে দিয়ে থাকে, এখানেও মনে-রাখতে হবে যে, স্ত্রী যদি নিজের খুশিতে মাফ করে তাহলেই মাফ হবে, কিন্তু যদি কারো চাপাচাপিতে বা লোক লজ্জায় পড়ে মাফ করে তাহলে মাফ হবে না। তাই বাড়ির লোকদের উচিৎ এ সময় চাপাচাপি না করা।