হযরত হাসান হুসাইনের নতুন জামা
প্রশ্ন
সমাজে প্রচলিত কিছু কিসসা কাহিনী রয়েছে তা আদৌ কতটৃকু সত্য তা জানালে উপকৃত হবো। যেমন: হযরত হাসান হুসাইন রা.-এর নতুন জামা প্রসঙ্গে।
উত্তর
হযরত হাসান ও হুসাইন রা. ছিলেন নবীজীর ﷺ কলিজার টুকরা হযরত ফাতেমা রা. এর আদরের দুলাল। নবী পরিবারের মত তাদের জীবনও অনেক কষ্টে কেটেছে। তাদের এই কষ্ট সম্পর্কিত বেশ কিছু আজগুবি ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। এখানে আমরা তেমনিই একটি ঘটনা উল্লেখ করছি।
কোন এক ঈদের সকাল। হযরত হাসান হুসাইন নতুন জামার জন্য মায়ের নিকট বায়না জুড়ে দিয়েছেন। আশ পাশের সমবয়সি অনেকেই ঈদের এই খুশির দিনে নতুন জামা-কাপড় পরিধান করে আনন্দ ফুর্তি করছে। কিন্তু হাসান হুসাইনের কোন নতুন জামা নেই। হযরত ফাতেমা রা. মনের ব্যাথা গোপন করে তাদেরকে সান্তনা দিতে লাগলেন এবং বললেন, আচ্ছা তোমরা গোসল করে এসো, তোমাদের জন্য আমি নতুন জামার ব্যবস্থা করছি। কিন্তু সংসারের অবস্থা ছিল এই যে, তাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করার মত কোন অবস্থাই ছিল না। তাই হযরত ফাতেমা রা. দুই পুত্রকে গোসল করতে পাঠিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। বলতে লাগলেন, হে প্রভু। হাসান-হুসাইন গোসল করে এসে জামা চাইলে আমি তাদেরকে কি জবাব দেব? তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই আর তারা মিসকীনের মত ঈদ করুক? আল্লাহ তা‘আলা তৎক্ষণাত হযরত জিবরাইল আ. কে দর্জির বেশে হযরত ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন। তার হাতে ছিল দুটি নতুন জামা। দরজায় করাঘাতের শব্দ শুনে হযরত ফাতেমা রা. সিজদা থেকে মাথা তুললেন এবং দরজা খুলে দর্জিরূপি ফেরেশতার নিকট থেকে জামা দুটি গ্রহণ করলেন। জামা দুটির একটি ছিল লাল আর অপরটি ছিল নীল। হাসান-হুসাইন গোসল সেরে ঘরে ফিরে এসে নতুন জামা পেয়ে আনন্দে বিভোর হয়ে গেলেন তারা জামা দুটি বুকে জড়িয়ে ধরে ছুটে গেলেন রাসূলুল্লাহ ﷺ এর নিকট। রাসূলুল্লাহ ﷺ জামা দুটি দেখে কেঁদে উঠলেন এবং লাল জামাটি হুসাইনকে আর নীল জামাটি হাসানকে পরিয়ে দিলেন। এতে ইশারা ছিল এদিকে যে, ভবিষ্যতে হযরত হুসাইন শহীদ হবেন আর হযরত হাসান বিষপানে মারা যাবেন।
খুব ভালভাবে মনে রাখা দরকার যে, এ ঘটনার ঐতিহাসিক কোন ভিত্তি নেই। এর চেয়ে আরো অলৌকিক ব্যাপারও নবী পরিবারের সাথে ঘটতে পারে। কিন্তু যে ঘটনা ঘটেনি বা ঘটেছে বলে নির্ভর যোগ্য কোন সূত্র দ্বারা প্রমাণিত নয়, তেমন ঘটনা প্রচার করার কোন সুযোগ নেই।