জুতা নিয়ে আরশে গমন
প্রশ্ন
এই কথা কী ঠিক: জুতা নিয়ে আরশে গমন
উত্তর
লোকমুখে মে'রাজ সম্পর্কে আরো একটি কথা প্রসিদ্ধ আছে যে মেরাজের রাতে রাসূলুল্লাহ ﷺ আরশে মুআল্লায় প্রবেশের পূর্বে জুতা খুলতে চাইলে আল্লাহ তা‘আলা ইরশাদ করলেন,
"হে মুহাম্মদ। আপনি জুতা খুলবেন না। (জুতা নিয়েই আরোহণ ক-ন) কেননা আপনার জুতা নিয়ে আগমনে আরশ ধন্য হবে। এটি বরকত লাভের কারণে অন্যের উপর গর্ববোধ করবে।
এই কথাগুলি সাধারণ মানুষের মধ্যে তো প্রসিদ্ধ আছেই এমনকি অনেক বক্তার মুখেও শোনা যায়। আরো আশ্চর্যের বিষয় হল, কতিপয় সীরাত গ্রন্থকারও নিজেদের গ্রন্থে এটিকে নকল করেছেন। কিন্তু সহীহ কথা হচ্ছে এটি প্রমাণিত নয়। সবগুলিই মনগড়া ও বানোয়াট। ইমাম রযী উদ্দিন আল কাজবীনী রহ. কে জিজ্ঞেস করা হয়েছিল 'রাসূলুল্লাহ ﷺ এর জুতা নিয়ে আরশ গমন এবং আল্লাহ তা‘আলার সম্বোধন (হে মুহাম্মদ। আপনার জুতায় আরশ ধন্য হয়েছে।) ইত্যাদি প্রমাণিত কিনা? উত্তরে তিনি বললেন, জুতা পায়ে রাসূলুল্লাহ ﷺ এর আরশ গমনের হাদীস প্রমাণিত নয়। এমনকি তিনি খালি পায়ে আরশে পৌছেছেন এমন কথাও নির্ভর যোগ্য সূত্রে বর্ণিত নেই। সহীহ বর্ণনা মতে তিনি শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছেন। (সুবুলুল হুদা ওয়ার রাশাদ-৮/২২৩)
আহমদ ইবনে মুহাম্মদ মাককারী রহ. স্বরচিত গ্রন্থ" ফাতহুল মুতআল ফী মাদহি খাইরিন নিআল" এ উপরোক্ত কথাটিকে জাল বলে জানিয়েছেন। (আল আসারুল মারফুআ-৩৭)