মাসাইল
১০০%

বড় পীর আব্দুল কাদের জীলানী রহ. এর ঘটনা

প্রশ্ন

সমাজে প্রচলিত কিছু কিসসা কাহিনী রয়েছে তা আদৌ কতটৃকু সত্য তা জানালে উপকৃত হবো। যেমন: বড় পীর আব্দুল কাদের জীলানী রহ. এর ঘটনা প্রসঙ্গে।

উত্তর

(১) শোনা যায় শায়েখ আব্দুল কাদের জীলানী রহ. স্বীয় মায়ের গর্ভে থাকা অবস্থায় এক অসৎ লোক খারাপ উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করে তার মায়ের সাথে জোর পূর্বক খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করলে আব্দুল কাদের জীলানী রহ. তার মায়ের নাক দিয়ে বাতাস হয়ে গর্ভ থেকে বেরিয়ে আসেন এবং বাঘের আকৃতি ধারণ করে লোকটির ঘাড় মটকে দেন। লোকটির উপযুক্ত শাস্তি বিধান করে তিনি পুনরায় বাতাস হয়ে মায়ের নাক দিয়ে গর্ভাশয়ে ফিরে যান।

আলোচ্য ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বাতিল। হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহ. রচিত গ্রন্থাবলী, তার জীবনী সম্বলিত গ্রন্থাবলীসহ ইতিহাসের কোন নির্ভরযোগ্য গ্রন্থে এ ধরনের কোন ঘটনার উল্লেখ নেই। মূলত শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য এক শ্রেণীর অসংযমী বক্তা এসব অলীক ঘটনা তৈরি করেছে।

(২) এক মহিলার ছিল একটা মাত্র ছেলে। একদিন সেই ছেলেটি মারা গেলে মহিলা বড়ই ভেঙ্গে পড়ল। অবশেষে আব্দুল কাদের জীলানী রহ. এর নিকট এসে তার ছেলে জীবিত হওয়ার জন্য দু’আ চাইলে তিনি আল্লাহ তা‘আলার দরবারে দু’আ করলে আল্লাহ তা‘আলা ইরশাদ করলেন, তার হায়াত শেষ হয়ে গেছে। তাই তাকে আর জিন্দা করা যাবে না। আব্দুল কাদের জীলানী রহ. বললেন, তার হায়াত শেষ হয়ে গেছে বলেই তো আপনার কাছে প্রার্থনা করলাম। মোট কথা দু’আ কবুল না হওয়ায় তিনি রাগান্বিত হয়ে মালাকুল মওতের হাত থেকে রূহের থলি ছিনিয়ে নিলেন। অতঃপর থলির মুখ খুলে দিলে সেদিন কবজকৃত সকল রুহ বেরিয়ে যায় এবং মুর্দারা জীবিত হয়ে যায়। নাউযুবিল্লাহ

মনের রাখা দরকার যে, উপরের ঘটনার মত এটিও একটি ভিত্তিহীন ঘটনা বরং আকীদার দিক দিয়ে এটি আরো মারাত্মক ও ঈমান বিধ্বংসী। এ ধরনের ঘটনা বর্ণনা করা ও বিশ্বাস করা মোটেও জায়েয নেই।

(৩) কথিত আছে যে, মেরাজের রাতে রাসূলুল্লাহ ﷺ যখন বোরাকের পিঠে আরোহন করতে যাচ্ছিলেন তখন বোরাক কিছুটা বড় হওয়ায় তার পিঠে আরোহন করতে কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় হযরত আব্দুল কাদের জীলানী রহ. নিজের কাঁধ এগিয়ে দিলে রাসূলুল্লাহ ﷺ তার কাঁধে পা রেখে বোরাকেরর পিঠে আরোহন করেন এবং তার জন্য দু’আ করেন যে, আমার পা যেমন তোমার কাঁধের উপর, তোমার পাও তেমন সমস্ত আউলিয়াদের কাঁধের উপর। সেই থেকে তিনি বড় পীর নামে খ্যাতি লাভ করেন।

আলোচ্য ঘটনাটিও যে কতটুকু হাস্যকর তা একটু চিন্তা করলেই বুঝে আসে। রাসূলুল্লাহ ﷺ এর সীরাতের উপর অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। কোন নির্ভরযোগ্য সীরাত গ্রন্থেই এ ধরনের কোন ঘটনা খুঁজে পাওয়া যায় না। তাই বিনা দলীলে এ ধরনের কথা বর্ণনা করা থেকে বিরত থাকা উচিত।