মাসাইল
১০০%

সমাজে প্রচলিত ভিত্তিহীন কিসসা কাহিনী

প্রশ্ন

সমাজে প্রচলিত কিছু ভিত্তিহীন কিসসা কাহিনী রয়েছে এই বিষয়ে আমাদের কী করণীয়?

উত্তর

আমাদের দেশে ভিত্তিহীন ও জাল হাদীসের এক বিশাল উৎস হল কিসসা কাহিনী বা ঘটনাবলী। এ পথে মানুষের মধ্যে কত যে অলীক, ভিত্তিহীন ও বানোয়াট কথা সত্য বা হাদীস হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে তার কোন পরিসংখ্যান নেই। হাদীসের বিষয়টি রাসূলুল্লাহ ﷺ এর সাথে সংশ্লিষ্ট হওয়ায় সামান্য হলেও তাতে মানুষ সতর্কতা অবলম্বন করে থাকে। এটি চিন্তা করে যে, এটি আসলেই নবীজীর হাদীস কিনা। কিন্তু অন্যান্য কিসসা কাহিনী বা ঘটনাবলী সম্পর্কে কোন প্রকার তদন্ত আর তাহকীক করার প্রয়োজন মনে করে না। কোন ওলী বুযুর্গের জীবন চরিত সম্পর্কে যার কাছে যা কিছু শোনে বা যে কোন বই পুস্তকে যা কিছু পড়ে তাই বিশ্বাস করে অন্যের কাছে বলতে শুরু করে। একটু চিন্তাও করে না যে, তার কোন বাস্তবতা আছে কিনা। অথচ এরূপ করা মোটেও ঠিক নয়।

হাদীস শরীফে ইরশাদ হয়েছে, কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তার সবই (যাঁচাই-বাছাই ছাড়াই) বলে বেড়ায়। (মুসলিম শরীফ)

সুতরাং কিসসা কাহিনী বা ঘটনাবলী বর্ণনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিৎ। কমপক্ষে এতটুকু যাঁচাই করা দরকার যে, সেটি কোন মিথ্যা কথা কিনা। আমাদের সমাজে যে সব ভিত্তিহীন কিসসা কাহিনী প্রচলিত আছে তার অনেকগুলি এমন যা শরী‘আতের বিধি-বিধান, ঈমান আকীদা তথা দ্বীনের মৌলিক বিশ্বাস্য বিষয়ের সাথে সংঘর্ষপূর্ণ। এসব ঈমান আকীদা পরিপন্থী চমকপ্রদ কাহিনী দ্বারা কেউ কেউ ওয়াজ মাহফিল গরম করে থাকেন। তাই এ ব্যাপারে খুবই সতর্ক হওয়া দরকার। বিভিন্ন কাওয়ালীর ক্যাসেট আর কবিতার বইয়েও এ ধরনের আজগুবী কাহিনী শুনতে পাওয়া যায়। তার মধ্যে এমনও কিছু ঘটনা আছে যা বিশ্বাস করলে ঈমান চলে যাওয়ারও আশংকা থাকে। আমরা এখানে নমুনা স্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করছি। পাঠক বৃন্দের নিকট অনুরোধ থাকবে তারা যদি এ ধরনের কোন ঘটনা কোথাও শুনে থাকেন তাহলে হক্কানী কোন আলেমের নিকট থেকে তাহকীক না করা পর্যন্ত অন্য কারো নিকট বর্ণনাও করবেন না এবং বিশ্বাসও করবেন না।