মাসাইল
১০০%

আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না

প্রশ্ন

এই কথা কী ঠিক: আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না

উত্তর

لولاك لما خلقت الافلاك

আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান সমূহ (কোন কিছুই) সৃষ্টি করতাম না।

এটি লোকমুখে হাদীসে কুদসী হিসেবে যথেষ্ট প্রসিদ্ধ। অথচ হাদীস বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে, এটি একটি ভিত্তিহীন রেওয়ায়েত। মিথ্যুকদের বানানো কথা। রাসূলুল্লাহ ﷺ এর হাদীসের সাথে এর সামান্যতম সম্পর্ক ও নেই।

ইমাম সাগানী, আল্লামা তাহের পাটনী, মোল্লা আলী কারী, শাইখ আজলুনী, আল্লামা কাওকজী, ইমাম শাওকানী, শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলবী রহ. প্রমুখ মুহাদ্দিসীনে কেরাম এটিকে জাল বলেছেন। (তাযাকিরাতুল মাওযুআত-৯)

কেউ কেউ বলেন, এই রেওয়ায়েত যদিও জাল কিন্তু এর মূল বিষয়বস্তু ঠিক অর্থাৎ আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ ﷺ এর খাতিরেই এই দুনিয়া সৃষ্টি করেছেন। তাকে পয়দা করার ইচ্ছা না করলে তিনি কোন কিছুই পয়দা করতেন না।

এই কথাটিও সঠিক নয়। কেননা, আল্লাহ তা‘আলা এই দুনিয়া ও সমগ্র জগতকে কেন সৃষ্টি করলেন তা ওহী ছাড়া জানার কোন উপায় নেই। ওহী শুধু কুরআন ও হাদীসেই সীমাবদ্ধ। কাজেই যতক্ষণ পর্যন্ত কুরআনের আয়াত কিংবা সহীহ হাদীসের মাধ্যমে একথা প্রমাণিত না হবে যে, একমাত্র তাঁর খাতিরেই সব কিছু সৃষ্টি করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই আকীদা পোষণ করার কোন সুযোগ নেই। অথচ একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, এটি কোন আয়াত কিংবা কোন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। উপরে বর্ণিত জাল রেওয়ায়েতের মত এটি ও একটি জাল হাদীস যা মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। একে তারা মৌলিক বিশ্বাস্য বিষয় বানিয়ে রেখেছে। সুতরাং এ থেকে বিরত থাকা উচিৎ। (যাইলুল মাকাসিদিল হাসানা, প্রচলিত জাল হাদীস-১/১৮৭)