ইকামাতের সময় মুক্তাদী কখন দাঁড়াবে
প্রশ্ন
ইকামাতের সময় মুক্তাদী কখন দাঁড়াবে এ নিয়ে অনেক জায়গায় মত বিরোধ দেখা যায়। কোথাও ইকামাত আরম্ভ হওয়ার সাথে সাথেই মুসল্লীরা দাঁড়িয়ে পড়ে আবার কোথাও হাইয়া আলাল ফালাহ বলার সময় দাড়ায়। এই বিষয় নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক এমনকি মারামারির পর্যায়েও পৌঁছে যায়। আমাদের প্রশ্ন হল, এখানে সঠিক আমল কোনটি?
উত্তর
আসলে ব্যাপারটি মুস্তাহাব পর্যায়ের। এ নিয়ে তর্ক বিতর্ক বা হাতাহাতি হওয়ার কোন প্রশ্নই আসেনা। দ্বীনী ইলমের দৈন্যতার কারণে আজ আমরা এই সামান্য বিষয় নিয়েও দ্বন্দে লিপ্ত হয়ে পড়েছি। নামাযের মধ্যে আসল বিষয় হল কাতার সোজা করা। হাদীস শরীফে কাতার সোজা করার ব্যাপারে খুব তাকীদ এসেছে। এবং ফিকহের কিতাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। আর হাইয়া আলাল ফালাহ বা কাদ কামাতিস সালাহ বলার সময় দাঁড়ানো বেশী থেকে বেশী মুস্তাহাবের দর্জা রাখে, এর উপরে নয়। সুতরাং এ ব্যাপারে সমাধান হল, মুসল্লীরা যদি পূর্বে থেকেই কাতার সোজা করে বসে থাকে আর সমস্ত কাতার পূর্ণ থাকে তাহলে কাদ কামাতিস সালাহ বলার সময় দাড়ালে কোন অসুবিধা নেই। আর যদি কাতার সোজা না থাকে, সকলে এলোমেলো বসে থাকে তাহলে ইকামত শুরু হওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে কাতার সোজা করে নেয়া উচিৎ। যাতে মুস্তাহাব ধরতে যেয়ে ওয়াজিব ছুটে না যায়। (ফাতাওয়া নিযামিয়া-১-৮৮)