আঠার হাজার মাখলুকাতের কথা কি ঠিক?
প্রশ্ন
অনেক ওয়ায নসীহতের মধ্যে আঠার হাজার মাখলুকাতের কথা শোনা যায়, মাখলুকাত কি আসলে আঠার হাজার?
উত্তর
পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের অভ্যুদয় যাবত কোন বিশেষজ্ঞই মহান আল্লাহ তা‘আলার সৃষ্টি সংখ্যার সঠিক পরিসংখ্যান দিয়ে যেতে পারেন নি। আমাদের চিন্তা ভাবনায়ও এ কথার সাক্ষ্য মিলবে যে, সীমীত জ্ঞানের অধিকারী হয়ে অনন্ত অসীম রাব্বুল আলামীনের বিনা অবগতিতে তাঁর সৃষ্টির সঠিক সংখ্যা বের করা কোন কালেই সম্ভবপর নয়। সুতরাং এব্যাপারে বিখ্যাত তাফসীরকারকদের অভিমত গ্রহণ করাই শ্রেয়। বিষয়টি সম্পর্কে তাফসীর গ্রন্থাদীতে বর্ণিত অভিমত সমূহে বিভিন্নতা দেখতে পাওয়া যায়। তার মধ্যে মাখলুকাত আঠার হাজার হওয়া সম্বন্ধেও একটি মত রয়েছে। যা বহু উলামায়ে কেরাম সভা-সমাবেশে বলে থাকেন। আল্লামা ইবনে কাসীর তার বিশাল তাফসীর গ্রন্থ “ইবনে কাসীর” এ “রাব্বুল আলামীন” এর তাফসীর করতে যেয়ে বলেন, সমগ্র আসমান এবং যমীনে আল্লাহ তা‘আলার সতের হাজার মাখলুকাত রয়েছে। হযরত আবু জাফর রাবী হযরত রবীয়া ইবনে আনাস সুত্রে, তিনি হযরত আবুল আলিয়া থেকে "রাব্বুল আলামীন" এর ব্যাখ্যা নকল করতে গিয়ে বলেন, জিন ও ইনসান আল্লাহ তালার দুটি ভিন্ন সৃষ্টি জগত। এছাড়াও আরো ১৮ হাজার সৃষ্টি জগত রয়েছে। হযরত ইবনে আবী হাতেম দীর্ঘ সনদ দ্বারা হযরত হুমাইদী সুত্রে বর্ণনা করেন, আল্লাহ তালার সৃষ্ট এক হাজার উম্মত রয়েছে। তার মধ্যে জলভাগে ছয়শ এবং স্থল ভাগে চারশ। আল্লামাহ বগবী রহ. সাঈদ ইবনে মুসাইইব সূত্রে বলেন, আল্লাহ তা‘আলার সৃষ্টিতে ১০০০ সৃষ্ট জীব বিদ্যমান। ছয়শত জলভাগে এবং চারশত স্থলভাগে। হযরত ওয়াহহাব ইবনে মুনাব্বেহ বলেন, আল্লাহ তা‘আলা আঠার হাজার জগৎ সৃষ্টি করেছেন। তার মধ্যে এই বিশাল পৃথিবী একটি পৃথক জগৎ। হযরত মুকাতিল বলেন, আল্লাহ তা‘আলার সৃষ্টি সংখ্যা ৮০ হাজার। আল্লামা কুরতুবী হযরত আবু সাঈদ খুদরী রা. এর সূত্রে বলেন, আল্লাহ তা‘আলার সৃষ্টি সংখ্যা ৪০ হাজার। এমনিভাবে বহু অভিমত পাওয়া যায়। তবে চূড়ান্ত কথা হচ্ছে আল্লাহ তা‘আলার সৃষ্টি জগত সম্বন্ধে একমাত্র তিনিই সঠিক জানেন। কোন মানুষের পক্ষে এর সঠিক বিবরণ তুলে ধরা সম্ভব নয়। (ইবনে কাসীর ১/২৩)