শরঈ মাহরাম ব্যতীত মহিলাদের একাকী সফর করা
প্রশ্ন
অনেক মুসলিম মহিলা রুজি রোজগারের জন্য অথবা উচ্চ শিক্ষা অর্জনের জন্য একাকী দূর-দূরান্তের সফর করে থাকে। সফরে তাদের সাথে কোন শরঈ মাহরামও থাকে না এবং পরিচিত কোন মহিলাও থাকে না। এমতাবস্থায় তাদের জন্য কি হুকুম? তারা কি একাকী সফর করতে পারবে?
উত্তর
সহীহ মুসলিম শরীফে হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত আছে, রাসূলে খোদা ﷺ ইরশাদ করেছেন, কোন মহিলা স্বীয় স্বামী বা মাহরাম ব্যতীত যেন তিন দিনের পথ (৪৮ মাইল) সফর না করে।
আলোচ্য হাদীসে স্পষ্টভাবে মহিলাদেরকে একাকী সফর করতে নিষেধ করা হয়েছে। ফুকাহায়ে কেরাম এই হাদীসের ভিত্তিতেই মহিলাদের জন্য একাকী ফরয হজ্ব করতে যাওয়াও নাজায়েয বলেছেন। হজ্বের তুলনায় চাকরী বাকরী বা লেখাপড়া তো আরো নিম্ন দর্জার, মুসলিম মহিলাদের যেটা না হলেও চলে। কেননা মহিলাদের ভরণ-পোষণের দায়িত্ব বিবাহের পূর্বে পিতার উপর আর বিবাহের পরে স্বামীর উপর ন্যস্ত করেছে শরী‘আত। আর একান্ত ঠেকা ছাড়া মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি। সুতরাং চাকরি বা শিক্ষার জন্য মাহরাম ব্যতীত একাকী সফর করা জায়েয হবে না। তবে হ্যাঁ, কোন মহিলা যদি এমন হয় যে, তার স্বামীও নেই, পিতাও নেই, এবং অন্য এমন কোন আত্মীয়ও নেই যে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, অন্যদিকে সেই মহিলার নিকটেও এমন মাল-সম্পদ নেই যদ্দারা সে স্বীয় প্রয়োজন মেটাতে পারে, তাহলে এমতাবস্থায় তার জন্য প্রয়োজন পরিমাণ পর্দার পাবন্দীর সাথে ঘর থেকে বের হওয়া জায়েয। নিজের দেশে থেকে যদি এই প্রয়োজন পূর্ণ হয় তাহলে কোন অমুসলিম দেশে যাওয়ার প্রয়োজন নেই। (আল মুগনী-৩-১৯০)