রাসূলে কারীম ﷺ কি গায়েব জানতেন?
প্রশ্ন
অনেকে বলে থাকে যে, রাসূলে আকরাম ﷺ ইলমে গায়েব জানতেন। এ ব্যাপারে শরী‘আতের ব্যাখ্যা কি?
উত্তর
এই আকীদা কুরআন ও হাদীসের সম্পূর্ণ পরিপন্থী। একমাত্র আল্লাহপাক ছাড়া অন্য কেউ ইলমে গায়েব জানেন না। আল্লাহপাক কুরআনে কারীমে ইরশাদ করছেন, (হে নবী বলুন)। “আমি মুহাম্মদ ﷺ যদি গায়েব জানতাম তাহলে অঢেল সম্পদ উপার্জন করতে পারতাম এবং আমার উপর কষ্ট মুসিবত কিছুই আসতো না।” সূরা আরাফ-১৮৮
অন্যত্র ইরাশাদ হচ্ছে, গায়েবের চাবি একমাত্র আল্লাহ তা‘আলার নিকটে। আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কেহ গায়েব জানে না। (সূরা আনআম-৫৯)
আল্লাহপাক আরো ইরশাদ করছেন, “হে নবী আপনি বলে দিন আল্লাহ ছাড়া আসমান যমীনের মধ্যে কেহই গায়েব জানে না।” (সূরা নাহল-৬৫)
কুরআনের এসব আয়াতসমূহের দ্বারা স্পষ্ট বুঝা যাচ্ছে যে, আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কেউ গায়েব জানেন না। সুতরাং যারা দাবী করে যে, আল্লাহর নবী গায়েব জানেন তাদের নিকট এই সব আয়াতের অর্থ ও মর্ম কি হবে? রাসূলে পাক ﷺ যদি সত্য সত্যই গায়েব জানতেন তাহলে মোনাফিকরা যখন হযরত আয়িশা সিদ্দীকা রা. এর উপর যেনার অপবাদ দিয়েছিল তখন হুযুর ﷺ দীর্ঘ এক মাস যাবৎ পেরেশান ছিলেন কেন? মসজিদে যিরার নির্মাণ করার পর তা উদ্বোধনের দাওয়াত হুযুর ﷺ গ্রহণ করেছিলেন অথচ তিনি যদি গায়েব জানতেন তাহলে সেই দাওয়াত গ্রহণ করতেন না, কেননা উক্ত মসজিদ মোনাফিকদের পক্ষ থেকে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের জন্য নির্মাণ করা হয়েছিল। অনুরূপভাবে হুযুর ﷺ যদি গায়েব জানতেন তাহলে জনৈকা ইহুদী মহিলার বিষ মিশ্রিত খানা খেয়ে তাঁর সঙ্গি কয়েকজন সাহাবী ইন্তিকাল করেছিলেন কেন? এমন কি স্বয়ং রাসূলে কারীম ﷺ আজীবন সেই বিষের প্রতিক্রিয়ায় কষ্ট ভোগ করলেন কেন? একদিন রাসূলে কারীম ﷺ নাপাক জুতা পায়ে দিয়ে নামায পড়ছিলেন, অতঃপর হযরত জিব্রাইল আ. মারফত অহীর দ্বারা অবগত হয়ে তা খুলে ফেলেন। তিনি যদি গায়েবই জানতেন তাহলে আগে থেকে খুললেন না কেন? এরকম আরো বহু ঘটনা রয়েছে যা দ্বারা একথা স্পষ্ট হয়ে যায় যে, গায়েব একমাত্র আল্লাহ পাকই জানেন। রাসূলে কারীম ﷺ অতটুকু জানেন যতটুকু আল্লাহপাক তাঁকে জানিয়ে দিয়েছিলেন। আর আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে দেয়ার পর সেটা আর গায়েব থাকে না। এই আকীদার ব্যাপারে উলামায়ে কেরামের ফতওয়া হল, যে ব্যক্তি এরূপ বিশ্বাস করে যে, রাসূলে কারীম ﷺ নিজেই গায়েব জানতেন তার ব্যাপারে কুফরীর আশংকা আছে। আর যদি কেউ মনে করে আল্লাহ তা‘আলা গায়েবের সব কথা রাসূলে কারীম ﷺ কে জানিয়ে দিয়েছিলেন তাই তিনি সব গায়েব জানতেন তাহলে এটা যদিও কুফর নয় কিন্তু সুস্পষ্ট ভুল যার স্বপক্ষে কোন দলীল প্রমাণ নেই। (ফাতওয়ায়ে রশীদিয়া-১০১)