মাসাইল
১০০%

শরী‘আতের দৃষ্টিতে মান্নত মানার হুকুম

প্রশ্ন

আমাদের সমাজে মান্নত মানার প্রচলনটা খুব বেশি। সামান্য সামান্য কারণে মানুষ মান্নত মানে। কেউ মসজিদের নামে, কেউ মাজারের নামে, কেউ বা পীরের নামে। কোথায় মান্নত মানা যায়, কি মান্নত মানা যায়। মান্নত কিভাবে পূরণ করতে হয় তা আমরা অনেকেই জানি না। এ ব্যাপারে শরী‘আতের দৃষ্টিভঙ্গি জানালে উপকৃত হব।

উত্তর

আমাদের সমাজে মূর্খতা এত বেশী এবং ইসলাম সম্পর্কে অজ্ঞতা এতই প্রকট যে, জরুরী বিষয়গুলিতে আমরা ভুল করে ফেলি। এই মান্নতের কথাই ধরুন। মহিলাদের মধ্যে এর প্রবণতাটা বেশী। ছেলে অসুস্থ হয়ে পড়েছে তো অমুক পীরের নামে মান্নত করে বলে যে, আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে তোমার নামে শিন্নি দেব, তোমার মাজারে ছাগল দেব ইত্যাদি। এখন যদি আল্লাহ পাকের দয়ায় ছেলে সুস্থ হয়ে যায় তো অত্যন্ত খুশি মনে দরগায় রওয়ানা হয়, সেখানে গিয়ে শিরক আর কুফরীতে লিপ্ত হয়। আর যদি সেই সন্তান মারা যায় তাহলে সমস্ত দোষ আল্লাহর উপর চাপিয়ে দেয়। বিলাপ করে বলতে থাকে আল্লাহ তুমি আমার ছেলেটাকেই দেখলে, আমরা তো কোন অপরাধ করিনি ইত্যাদি। আর সেই পীর বাবার কোন দোষ দেয় না যে, তোমার নামে মান্নত করলাম তুমি আমাদের কথা শুনলে না। অনেক মুর্খ এমন আছে যারা ওলী আউলিয়াদেরকে সব সমস্যার সমাধানকারী মনে করে। তাই তাদের নামে মান্নত করে। মনে রাখবেন, এটা সম্পূর্ণ শিরকী কাজ। আল্লাহ ছাড়া আর কারো নামে মান্নত মানা জায়েয নাই। চাই সেই ফেরেশতা হোক কিংবা নবী। আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কাউকে নিজের হাজত পুরণকারী মনে করা শিরকের অংশ।

মাসআলা: শরী‘আতের দৃষ্টিতে মান্নত মানা সহীহ। কিন্তু এই সহীহ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। (১) আল্লাহর নামে মান্নত মানতে হবে। গায়রুল্লাহর নামে মানা যাবে না। (২) শুধু মাত্র ইবাদত জাতীয় জিনিষের মান্নত সহীহ। যে জিনিষ ইবাদত না সে জিনিসের মান্নত মানা যায় না। (৩) আর সেই ইবাদতটাও এমন যা কখনো ফরজ বা ওয়াজিব হয়। যেমন, নামায, রোযা, হজ কুরবানী ইত্যাদি। যে ধরনের ইবাদত ফরজ বা ওয়াজিব নয় সে ধরনের ইবাদতের মান্নত মানা যাবে না।

মাসআলা: মনে মনে কোন জিনিষ খেয়াল করলে সেটা মান্নত হয়ে যায় না। বরং মুখে উচ্চারণ করলে তারপরেই তা মান্নাত হয়। (আপকে মাসাইল ৩/৪২৫)

মাসআলা: কেউ যদি কোন কাজের মান্নত করে তাহলে সেই কাজ সমাধা হওয়ার পরে তার জন্য উক্ত মান্নত পুরা করা জরুরী। কাজ হওয়ার আগে পুরা করলে তা আদায় হবে না। বরং কাজ হওয়ার পরে পুনরায় করতে হবে। যেমন, কেউ মান্নত করল আমি সুস্থ হয়ে গেলে একটি রোযা রাখব। এখন সে সুস্থ হওয়ার আগেই যদি রোযা রেখে ফেলে তাহলে এটি তার মান্নতের রোযা বলে গণ্য হবে না বরং সুস্থ হওয়ার পরে পুনরায় রোযা রাখতে হবে।

মাসআলা: মান্নত মানা যদিও জায়েয কিন্তু রাসূলুল্লাহ ﷺ একে পছন্দ করেননি, কেননা এটা হচ্ছে আল্লাহর সাথে চুক্তি করা যে, হে আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমার জন্য রোযা রাখব বা নামায পড়ব। সুতরাং উত্তম হল বিপদ আপদ এলে কিংবা মনোবাঞ্ছা পুরা হওয়ার জন্য সদকা করা। তবে খেয়াল রাখতে হবে সদকা যেন হালাল এবং পবিত্র মাল দ্বারা হয়। হারাম মালের সদকা আল্লাহ পাকের নিকট গ্রহণীয় নয়।

মাসআলা: কেউ যদি কুরবানীর মান্নত মানে তাহলে কুরবানীকৃত সেই পশুর গোশত সম্পূর্ণটাই গরীবদের মধ্যে বণ্টন করে দিতে হবে। মান্নতকারীর ছেলে মেয়ে পিতা মাতা অর্থাৎ তার অধস্থন ও উর্ধতন লোকেরা খেতে পারবে না।

মাসআলা: অনেকে মাযারে সালামীর মান্নত করে। যেমন, আমার এই কাজটা হয়ে গেলে আমি আজমীরে যাব, শাহ জালালের দরগায় যাব। মনে রাখতে হবে এ ধরনের মান্নত মানা সহীহ না বরং এটা পুরা করাও জায়েয নেই। (আপকে মাসাইল)

মাসআলা: কেউ যদি এই মান্নত মানে যে, আমার অমুক কাজটা হয়ে গেলে অমুক পীরের মাজারে চাদর চড়াব বা গেলাফ চড়াব। তাহলে এই মান্নত সহীহ না এবং এটা পুরা করা ও কোন জরুরী না।