মাসাইল
১০০%

শেয়ারের উপর যাকাত আসবে কি না?

প্রশ্ন

কারো যদি কোন কোম্পানীতে শেয়ার থাকে তাহলে তার যাকাত দেয়ার বিধান কি হবে?

উত্তর

বর্তমানে দু’ধরনের শেয়ার হোল্ডার লক্ষ্য করা যায়।

(১) যারা আই. পি. ও-তে অংশ গ্রহণ করে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার খরিদ করে থাকে কোম্পানীর বার্ষিক ডিভিডেন্ড (লভ্যাংশ) পাওয়ার উদ্দেশ্যে।

(২) যারা ক্যাপিটেল গেইন করে অর্থাৎ শেয়ার বাজারে শেয়ার বেচা-কেনাই তাদের মুখ্য উদ্দেশ্য থাকে, কোম্পানীর ঘোষিত লভ্যাংশ নেয়ার জন্য এরা শেয়ার কেনে না। শেয়ারের যাকাতের ক্ষেত্রে উপরোক্ত দুগ্রুপের হুকুম ভিন্ন ভিন্ন। যারা শুধু ব্যবসায়ী পণ্য হিসাবে শেয়ারের কারবার করে থাকে, তারা যাকাত আদায় করবে শেয়ারের মার্কেট ভ্যালুর হিসাবে। তাদের যাকাতের বছর যখন পূর্ণ হবে তখন শেয়ার বাজারে এই শেয়ারের যে মূল্য থাকে সেই মূল্য হিসাব করেই যাকাত আদায় করতে হবে।

সারকথা যারা কোম্পানীর লভ্যাংশ হাসিল করার জন্য কোন কোম্পানীর শেয়ার ক্রয় করে থাকে তারা এই কোম্পানীর ব্যালেন্সশীট দেখে যাকাত পরিশোধ করবে। এক্ষেত্রে ব্যালেন্সশীটে ফিক্সড এসেটস তথা স্থায়ী সম্পত্তির হিসাবটি দেখে কোম্পানীর মোট পরিশোধিত মূলধনের অনুপাতে তার শেয়ার যত শতাংশ হয় তত শতাংশ বাদ দিয়ে অবশিষ্টাংশের যাকাত প্রদান করবে। একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মনে করুন, আপনি একটি কোম্পানীর ১০০০ শেয়ারের মালিক। ঐ কোম্পানীর বিক্রিত শেয়ার সংখ্যা এক লাখ। প্রতিটি শেয়ারের গায়ের দাম ১০০ টাকা। এর অর্থ হচ্ছে এই কোম্পানীর পরিশোধিত মূলধন এক কোটি টাকা।

কোম্পানি ২০০৫ সালে নীট মুনাফা অর্জন করেছে ২৫ লাখ টাকা। এবং ফার্নিচার কম্পিউটার সহ অন্যান্য স্থায়ী সম্পদ যেগুলি ব্যবসার জন্য কেনা হয় নি বরং কাজের মাধ্যম হিসাবে ক্রয় করা হয়েছে, তার দাম হচ্ছে ১০ লাখ টাকা। এক্ষেত্রে আপনি উক্তি কোম্পানীর ১% শতাংশের মালিক। সেই হিসাবে স্থায়ী সম্পদের ১% শতাংশ আপনার ভাগে যাবে। তাহলে কোম্পানীর নীট মুনাফা থেকে আপনি পাবেন ২৫০০০ টাকা। এখন স্থায়ী সম্পদের ১০ লাখ টাকা বাদ দিয়ে ২০০৫ সালের জন্য আপনি যাকাত প্রদান করবেন ১,১৫,০০০ টাকার জন্য ২৮৭৫ টাকা। (জাদীদ ফিকহী মাসাইল ১/২১১)

এখানে খুব ভালভাবে মনে রাখা দরকার যে, কেউ যদি শেয়ার কিনে থাকেন তাহলে তিনি কিভাবে যাকাত আদায় করবেন তার একটা হিসাব এখানে তুলে ধরা হয়েছে। এখন রইল শরী‘আতের দৃষ্টিতে শেয়ার ক্রয়-বিক্রয় করার হুকুম কি এবং কোন ধরনের শেয়ার কেনা যাবে, তো সেটি একটি ভিন্ন মাসআলা। জায়েয নাজায়িয এর ষষ্ঠ খণ্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।