শরী‘আত বিরোধী অনুষ্ঠানে শরীক হওয়া
প্রশ্ন
পাশ্চাত্যের দেশগুলোতে এমন অনেক অনুষ্ঠানে মুসলমান- দেরকেও শরীক হওয়ার জন্য দাওয়াত দেয়া হয় যেখানে নারী-পুরুষ সকলেই অংশ গ্রহণ করে শরাব পান করার ধুম পড়ে যায়, ভিডিও ইত্যাদি করা হয়। সেসব অনুষ্ঠানে মুসলমানরা যদি অংশগ্রহণ না করে তাহলে একদিকে তারা যেমন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্যদিকে অনেক লাভ থেকেও বঞ্চিত হয়ে যায়। এমতাবস্থায় মুসলমানদের জন্য এ ধরনের অনুষ্ঠানে যোগ দেয়া জায়েয হবে কি?
উত্তর
যেসব অনুষ্ঠানে শুকর-মদ ইত্যাদি হারাম বস্তুর পানাহার চলতে থাকে, নারী পুরুষের ড্যান্স আর গান-বাজনার আসর জমে সেসব অনুষ্ঠানে মুসলমানদের শরীক হওয়া আদৌ জায়েয নেই।
বিশেষ করে যখন নাকি সেখানে শরীক হওয়ার পিছনে নাম-ধাম ছাড়া অন্য কোন উদ্দেশ্য না থাকে। মুসলমানদের জন্য এ ধরনের গোনাহর বন্ধু আর হারামের সামনে মাথানত করা মোটেও সমীচিন নয়। বরং এমন পরিস্থিতিতে তাদের জন্য জরুরী হল নিজের দ্বীনের উপর অটল থাকা। অমুসলিম দেশে বসবাসকারী মুসলমান-যাদের সংখ্যা মোটেও কম নয়- তারা সকলে যদি এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে অমুসলিমরাও তাদেরকে শ্রদ্ধা করবে এবং মুসলমানদের খাতিরে অনুষ্ঠানগুলিকে এসব হারাম থেকে পাক রাখতে সচেষ্ট হবে।