শরী‘আতের দৃষ্টিতে টেলিফোন করার নিয়ম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২ ফেব্রুয়ারি, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

শরী‘আতের দৃষ্টিতে টেলিফোন করার কি বিশেষ কোন নিয়ম আছে?

উত্তর

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, মানুষের জীবন চলার প্রতিটি ক্ষেত্রের দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। টেলিফোন আধুনিক বিশ্বের এক অন্যতম যোগাযোগ মাধ্যম। কিন্তু এর যথেচ্ছ ব্যবহার এবং অন্য মানুষকে সময়ে অসময়ে টেলিফোন করে ব্যতিব্যস্ত ও পেরেশান করা শরী‘আতের দৃষ্টিতে কঠোর ভাবে নিষিদ্ধ। তাই কিভাবে টেলিফোন করলে গোনাহ থেকে বাঁচা যাবে তা নিম্নে আলোচিত হল।

(১) কোন ব্যক্তির কাছে এমন সময় টেলিফোন করা যেটা তার ঘুমের সময় বা বিশেষ কোন কাজ যেমন, নামায ইত্যাদিতে লিপ্ত থাকার সময় তখন একান্ত ঠেকা ছাড়া তার নিকট ফোন করা ঠিক না। কেননা এতে তার ঠিক ঐ রকমই কষ্ট অনুভূত হয় যেমন বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করলে।

(২) যার কাছে অহরহ ফোনে কথা বলার প্রয়োজন হয়, তার কাছ থেকে জেনে নিবে যে, কোন সময় তার সাথে কথা বললে সুবিধা হবে। পরে সেই হিসেবে ফোন করবে।

(৩) টেলিফোনে যদি দীর্ঘ সময় কথা বলার প্রয়োজন হয় তাহলে তার কাছে প্রথমে জেনে নিবে যে তার সময় হবে কিনা? কেননা অনেক সময় রিং হলে মানুষ যে কাজেই ব্যস্ত থাকুক না কেন বাধ্য হয়ে রিসিভার উঠায়। এমতাবস্থায় অপর প্রান্ত থেকে দীর্ঘক্ষণ কথা বললে এ প্রান্তের ব্যক্তির কষ্টের সীমা থাকে না।

(৪) অনেক সময় দেখা যায় রিং হয়েই যাচ্ছে কিন্তু কেউ রিসিভার উঠাচ্ছে না, এটা একেবারে অনুচিৎ এবং মানবতা বিরোধী, কেননা কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে তাকে সময় দেয়া আপনার কর্তব্য। (মা‘আরিফুল কুরআন- সুরা নূর)

শরী‘আতের দৃষ্টিতে টেলিফোন করার নিয়ম | ইসলামী যিন্দেগী