স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেয়া
প্রশ্ন
আমাদের দেশে পাশ্চাত্যের অনুকরণে ইদানীং স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়ার প্রবনতাটা খুব বৃদ্ধি পাচ্ছে। ওদের পরিভাষায় যাকে ডিভোর্স বলা হয়। প্রশ্ন হল, স্ত্রী স্বীয় স্বামীকে কোর্ট বা সালিশের মাধ্যয়ে তালাক দেয়ার অধিকার রাখে কি না? শরী‘আতের হুকুম এ ব্যাপারে কি?
উত্তর
শরী‘আতে তালাক দেয়ার অধিকার একমাত্র স্বামীকে দেয়া হয়েছে। স্ত্রীর জন্য স্বামীকে তালাক দেয়ার কোন অনুমতি নেই। তবে স্বামী যদি স্ত্রীকে তার নিজের উপর তালাক গ্রহণ করার অধিকার দিয়ে থাকে তাহলে স্ত্রী স্বামীর দেয়া ইখতিয়ার বা ক্ষমতা অনুযায়ী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে। শরী‘আতের পরিভাষায় একে তালাকে তাফবীজ বলা হয়।
স্বামী যদি পুরুষত্বহীন হয় বা শরঈ কোন দোষে দোষী প্রমাণিত হয়, যার ফলে স্ত্রী তার সাথে ঘর সংসার করতে অপারগ হয়, তাহলে স্ত্রী মুসলিম বিচারকের নিকট অথবা মুফতী বোর্ডের নিকট মামলা দায়ের করবে। এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারক অথবা মুফতী বোর্ড উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দেবে। মোট কথা স্বামীর তালাক দেয়া ছাড়াও বিবাহ বিচ্ছেদের আরো কয়েকটি পন্থা শরী‘আত অনুমোদন করেছে। কিন্তু স্ত্রী স্বামীকে কোন অবস্থায়ও তালাক দিতে পারবে না, যদি দেয় তাহলে তা বেকার বলে গণ্য হবে। ঐ অবস্থায় স্ত্রী যদি অন্য কোথাও বিবাহ বসে তাহলে তাদের সারা জীবনের মেলামেশা যেনা হিসাবে বিবেচিত হবে। (ফাতাওয়া-দারুল উলুম-৯-৪২, হেদায়া-২-৩৭৬)