আহলে হাদীস পন্থি ছেলের কাছে মেয়ে বিয়ে দেয়া
প্রশ্ন
হানাফী মাযহাবের ছেলেমেয়েদের বিবাহ আহলে হাদীস সম্প্রদায়ের ছেলে মেয়ের সাথে বৈধ আছে কি?
উত্তর
শরী‘আতের দৃষ্টিতে এতে কোন অসুবিধা নেই। বিবাহ জায়েয হবে। তবে বর্তমান যামানার অধিকাংশ আহলে হাদীসগণ বেশী-বাড়াবাড়ি করে। তারা চার মাযহাবের ইমামদের শানে মারাত্মাক গোস্তাখী ও বেয়াদবী পূর্ণ শব্দ ব্যবহার করে থাকে-যা একজন সাধারণ মুসলমানের ব্যাপারেও ব্যবহার করা যায় না। তাছাড়া তারা প্রচার করে বেড়ায় যে, ইমাম মানা শেরেকী কাজ। তারা আরো বলে যে, হানাফী' মালেকীগণ যেভাবে নামায পড়ে তা সহীহ হয় না, একমাত্র তাদের মত নামায পড়তে পারলে সেটাই হবে সহীহ নামায ইত্যাদি। অথচ হানাফী মাযহাবে যে ভাবে নামায পড়তে বলা হয়েছে তার প্রত্যেকটি বিষয় সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হযরত মাওলানা যফর আহমদ উসমানী (রহঃ) তাঁর ২০ খন্ডে রচিত ইলাউস সুনান নামক গ্রন্থে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। তথাকথিত আহলে হাদীসদের কুরআন হাদীসের গভীর জ্ঞান না থাকার কারণে নিজেরা ভুলের মধ্যে থেকে অন্যদেরকেও ভুলের মধ্যে মনে করছে। যাই হোক যেহেতু আহলে হাদীস বা লা মাযহাবীগণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তাই তারা যদি ইমামদের শানে গুস্তাখি না করে এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি না করে তাহলে তাদের সাথে বিবাহ-শাদী করতে কোন অসুবিধা নেই। আর যারা বাড়াবাড়ি করে তাদের সাথে বিবাহ জায়েয হলেও দাম্পত্য জীবন সুখময় করার খাতিরে বিবাহ-শাদী না করাই উত্তম। (রহীমিয়াহ-৫: ২৬৬)।