কেউ মারা যাওয়ার পরে তার নামে যিয়াফত করা
Question
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কেউ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য আত্মীয় স্বজন ও গ্রামবাসীদেরকে দাওয়াত করে খাওয়াতে হয়। কেউ এই প্রথা পালন না করলে এলাকার লোকেরা তাকে বিভিন্ন কথা বলে থাকে, কৃপণ বলে অভিহিত করে। এ ধরনের যিয়াফত এবং অনুষ্ঠানের ব্যবস্থা করা শরী‘আতের দৃষ্টিতে কেমন?
Answer
হিন্দুদের কেউ মারা গেলে তারা মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ করে। সেখানে খুব ঘটা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের মুসলিম সমাজে যে মৃত্যু পরবর্তী অনুষ্ঠান চালু হয়েছে সেটাও মূলতঃ হিন্দুদের শ্রাদ্ধ থেকে নেয়া। এতে কোন সন্দেহ নেই যে, মৃতের জন্য ইসালে সাওয়াব করা জায়েয। চাই সেটা নফল নামায আদায় করে হোক বা কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে হোক কিংবা লোকজনকে খানা খাওয়ানোর মাধ্যমে হোক। এই উদ্দেশ্যে গরীব-মিসকিনদেরকে খানা খাওয়ানোও জায়েয। কিন্তু আমাদের দেশে প্রচলিত প্রথা হিসাবে ধনী-গরীব নির্বিশেষে সকলকে দাওয়াত করে যে ভাবে জাঁকজমক সহকারে আহারের আয়োজন করা হয় এটা কিন্তু শরী‘আতের দৃষ্টিতে বড়ই নিন্দনীয়। এতে ছাওয়াবের পরিবর্তে বরং গুনাহ হওয়ার আশংকা বেশী। কেননা এতে নাবালেগের মাল খরচ হয়ে থাকে। যে ওয়ারিস উপস্থিত নেই তার মালও খরচ হয়ে থাকে। অথচ মৃত বক্তি মারা যাওয়ার পরেই তার মালের মালিক ওয়ারিসরা হয়ে যায়। সুতরাং ওয়ারিসদের মধ্যে সেই মাল শরী‘আত সম্মত ভাবে বণ্টন হওয়ার আগে এ ধরনের যিয়াফতে তা খরচ করা মোটেও বৈধ নয়। (হিদায়া ১-২৭৬, ফাতাওয়ায়ে রহীমিয়া-৫-১১৮)