Masail
100%

রাতের অন্ধকারে নবীজীর ﷺ নূরে সুই পাওয়ার ঘটনা

Question

সমাজে প্রচলিত কিছু কিসসা কাহিনী রয়েছে তা আদৌ কতটৃকু সত্য তা জানালে উপকৃত হবো। যেমন: রাতের অন্ধকারে নবীজীর ﷺ নূরে সুই পাওয়ার ঘটনা প্রসঙ্গে।

Answer

রাসূলুল্লাহ ﷺ এর সাথে সম্পর্কিত একটি ঘটনা আমাদের সমাজে খুব মশহুর। কিন্তু বিদগ্ধ উলামায়ে হাদীসের মতানুসারে উক্ত ঘটনাটিও জাল ঘটনা। ঘটনাটি হচ্ছে একবার হযরত আয়িশা রা. রাসূলুল্লাহ ﷺ এর সাথে রাতের অন্ধকারে তাঁর বিছানায় ছিলেন। হযরত আয়িশার হাত থেকে একটি সুই পরে গেলে অনেক খোঁজাখুঁজির পরেও তিনি তা পেলেন না। এমন সময় রাসূলুল্লাহ ﷺ হেসে উঠলে তার দাঁতের নূরের ঝলকে পুরা কামরা আলোকিত হয়ে গেল, ফলে হযরত আয়িশা রা. সেই নূরে হারানো সুইটি খুঁজে পেলেন।

রাসূলুল্লাহ ﷺ এর ফযীলত সম্পর্কে যে সব ভিত্তিহীন ও বাতিল কথা প্রসিদ্ধ আছে তার মধ্যে এটি অন্যতম। আল্লামা আব্দুল হাই লক্ষ্ণৌবী রহ. এটাকে জাল আখ্যা দিয়ে বলেন, ফজীলত সংক্রান্ত জাল ও মনগড়া রেওয়ায়েত সমুহের অন্যতম একটি রেওয়ায়াত এটি যা বক্তারা নবীজীর সৌন্দর্য্যের বিবরণ দিতে গিয়ে উল্লেখ করে থাকেন। এই রেওয়ায়েতটি বানোয়াট ও জাল; যদিও তা ‘মা আরেজুন নবুওয়াহ’ সহ এমন কিছু সীরাত গ্রন্থে উল্লেখ আছে যেগুলোতে শুদ্ধ অশুদ্ধ সব ধরনের কথাই স্থান পেয়েছে। এ ধরনের কিতাবের সব কিছুকে গাফেল ব্যক্তিই প্রমাণ হিসেবে পেশ করতে পারে। (আল আসারুল মারফুআ ৪৬)

আল্লামা সায়্যিদ সুলাইমান নদবী রহ. ও উক্ত রেওয়ায়াতটিকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন। (সীরাতুন্নবী-৩/৪২৯)

শাইখুল হাদীস সরফরায খান সফদরও এটির জাল হওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। (দেখুন নূর ও বাশার-৮৫-৮৭)