মাসাইল
১০০%

মৃত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন গলত ধারণা

প্রশ্ন

আমাদের সমাজে মৃত ব্যক্তি সম্পর্কে বিভিন্ন গলত ধারণা রয়েছে তা জানতে চাই।

উত্তর

মাসআলা: প্রসিদ্ধ আছে যে, মুর্দা বাড়ীতে থাক বা মহল্লায় থাক তাকে বিদায় না করা পর্যন্ত কোন কিছু খাওয়া যাবে না। এটা একটা ভ্রান্ত ধারণা। কেননা তখন তো এমনিতেই পানাহারের কথা মনে আসে না। আর একান্ত যদি ক্ষুধা লেগে যায় তাহলে খেতে কোন বাধা নেই।

মাসআলাঃ অনেকে বাড়ির ব্যবহৃত বরতনে মায়্যিতকে গোসল দেয় না, বরং বাজার থেকে নতুন পাত্র সংগ্রহ করে তার দ্বারা গোসল দেয় এবং ঐ পাত্র মসজিদে দান করে দেয়। এই প্রথাও গলত, শরী‘আতে এর কোন ভিত্তি নেই।

মাসআলাঃ অনেক জায়গায় দেখা যায় যেখানে মৃত ব্যক্তিকে গোসল দেয়া হয় সেখানে তিন দিন পর্যন্ত চেরাগ বা আগরবাতি জ্বালাতে থাকে। এই প্রথাও ভিত্তিহীন। শরী‘আতে এর কোন প্রমাণ পাওয়া যায় না।   (আগলাতুল আওয়াম-২১৬)

মাসআলা: কাফনের মধ্যে অথবা কবরে আহাদ নামা অথবা কোন বুযুর্গের শাজারাহ অথবা কোন কুরআনী আয়াত লিখে দেয়ার প্রচলন দেখা যায় অনেক এলাকায়। এটা জায়েয নেই। অনুরূপভাবে কাফনের কাপড়ে কিংবা মায়্যিতের সীনায় কর্পূর বা কালি দিয়ে কালিমায়ে তাইয়্যিবাও লেখা হয় কোন কোন জায়গায়। এটাও জায়েয নেই।

এর কারণ হচ্ছে, লাশ তো কয়েকদিনের মধ্যে পঁচে গলে যাবে, তখন এইসব জিনিষের অবমাননা হবে, তাই এ থেকে বেঁচে থাকা বাঞ্ছনীয়।

মাসআলাঃ অনেক জায়গায় প্রচলন আছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী চুড়ি ইত্যাদি না খুলে সেগুলিকে ভেঙ্গে ফেলে। এটি অমুসলিমদের প্রথা। এটা মাল নষ্ট হওয়ার কারণে বর্জনীয়। তাই এক্ষেত্রে করণীয় হচ্ছে স্বামী মারা গেলে অলংকারাদী খুলে ফেলবে। পরে ইদ্দত পালন হয়ে গেলে তখন আবার ব্যবহার করবে।

মাসআলা: অনেকে মনে করে যে, মৃত ব্যক্তির রুহ দুনিয়াতে এসে ঘোরাফেরা করে। এটিও একটি ভুল ধারণা। কেননা নেককারের রুহতো এই দুনিয়াতে পুনরায় আসতে চাইবে না আর বদকারের রুহ আসতে চাইলেও তার অনুমতি পায় না। তাই রুহ আসার ধারনাটি সহীহ নয়।

মাসআলা: অনেক লোক মনে করে যে, কোন মহিলা যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় তাহলে সে ভুত হয়। এই বিশ্বাসও সম্পূর্ণ গলত। হাদীসে বর্ণিত হয়েছে, এই ধরনের মহিলারা শহীদী মর্যাদা লাভ করবে।

মাসআলা: অনেকে বিশ্বাস করে যে, শবে বারা‘আত, শবে কদর ইত্যাদি রাতে মৃত ব্যক্তির রুহ স্বীয় বাড়িতে আসে এবং দেখে তার জন্য কেউ কিছু রান্না করেছে কিনা অথবা ঘরের লোকেরা ঠিকমত ইবাদত বন্দেগী করছে কিনা। এই ধারণাও ভিত্তিহীন। কেননা এ ধরনের ধারণা পোষণ করার জন্য কুরআন-হাদীসের মজবুত দলীল প্রয়োজন। আর এক্ষেত্রে কোন দলীল পাওয়া যায় না।

আবার অনেকে মনে করে এই রাতগুলিতে মৃতের নামে সাওয়াব রেসানী না করলে রুহ বদ দু’আ দিতে দিতে ফিরে যায়। এটিও একটি বাতিল বিশ্বাস।

অনেকে আবার মনে করে থাকে, প্রতি জুমু‘আর রাতে মুর্দারের রুহ তার ঘরে আসে এবং এক কোনায় দাঁড়িয়ে দেখে তার নামে কেউ সাওয়াব বখশে দিচ্ছে কিনা। যদি কখনো দেয় তাহলে খুশি হয়, অন্যথায় হতাশ হয়ে ফিরে যায়। এটিও একটি ভিত্তিহীন ধারণা।