নামাযের জন্য গীর্জা ভাড়া নেয়া
প্রশ্ন
পশ্চিমা বিশ্বের মুসলমানরা অনেক সময় পাঁচ ওয়াক্ত নামাযসহ জুমু‘আ এবং ঈদের নামাযের জন্য খৃষ্টানদের নিকট থেকে গীর্জা ভাড়া নিয়ে থাকে। সেই গীর্জায় তাদের ভাস্কর্য, মূর্তি, ছবি ইত্যাদিও বহাল থাকে। অনেক সময় আবার কোন দাতব্য সংস্থা তাদের গীর্জা এমনিতেই মুসলমানদেরকে দিয়ে দেয়। তাহলে এ ধরনের গীর্জা ভাড়া নিয়ে সেখানে নামায আদায় করা কি জায়েয হবে?
উত্তর
নামায আদায়ের জন্য গীর্জা ভাড়া নেয়া জায়েয আছে। রাসূলেআকরাম ﷺইরশাদ করেছেন, আমার জন্য পুরা জমিনকেই মসজিদ বানিয়ে দেয়া হয়েছে। তবে নামায আদায়ের সময় মূর্তি, ভাস্কর্য, ছবি ইত্যাদি সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। কেননা যে ঘরে ছবি থাকে সেখানে নামায পড়া মাকরূহ। ইমাম বুখারী রহ.উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস রাঃ (প্রয়োজনের সময়) গীর্জাতেই নামায পড়ে নিতেন, তবে যে গীর্জায় ছবি থাকত সেখানে পড়তেন না। ইমাম বাগাবী রহ.বলেন ঐ গীর্জা থেকে বের হয়ে বাইরে বৃষ্টির মধ্যেই নামায পড়ে নিতেন। (ফাতহুল বারী ১-৫৩২)