খোয়াড়ে গরু-ছাগল আটকে রেখে জরিমানা আদায় করা
প্রশ্ন
আমাদের দেশে নিয়ম আছে যে, কারো গরু ছাগল অন্য কারো ফসল নষ্ট করে ফেললে তা ধরে খোয়াড়ে দেয়া হয়। অতঃপর খোয়াড় কর্তৃপক্ষ গরু প্রতি বিশ টাকা আর ছাগল প্রতি ১০ টাকা জরিমানা নিয়ে তা ছেড়ে দেয়। এ ধরনের জরিমানা আদায় করা জায়েয আছে কি?
উত্তর
গরু ছাগল যদি নিজে অন্যের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে আর তার সাথে তার মালিক বা রাখাল না থাকে তাহলে ঐ গরু-ছাগল খোয়াড়ে ঢুকানো এবং মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা কোনটাই জায়েয হবে না। কেননা এ ক্ষেত্রে মালিকের কোন অন্যায় নেই। পক্ষান্তরে মালিক বা রাখাল যদি গরু-ছাগলের সাথে থাকে কিংবা তারা ইচ্ছাকৃত ভাবে এগুলিকে ক্ষেতের মধ্যে ছেড়ে দেয় তাহলে ঐ গরু বা ছাগল খোয়াড়ে ঢুকিয়ে তার মালিক থেকে ঐ পরিমাণ জরিমানা উসুল করা জায়েয হবে যে পরিমাণ ক্ষতি তার দ্বারা হয়েছে। ক্ষতির পরিমাণ থেকে বেশি নেয়া জায়েয হবে না। উল্লেখ্য যে, আমাদের দেশে বাস্তবে ক্ষতির পরিমাণ নির্ণয় না করে পাইকারী হারে গরু-ছাগল প্রতি যে ২০ বা ১০ টাকা উসুল করা হয় এটা কিন্তু জায়েয নেই। সুতরাং এই উসুলকৃত টাকা হারাম হিসাবে পরিগণিত হবে। মূল মালিককে সে টাকা ফেরৎ দিয়ে দিতে হবে। (ইমদাদুল ফাতাওয়া- ৩-৫৪১)